নিউজিল্যান্ডে ভারতীয় হাইকমিশনারকে প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউজিল্যান্ডে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রবি থাপারকে নয়াদিল্লিতে ফিরিয়ে আনা হচ্ছে। গতকাল শনিবারই তাঁর নিউজিল্যান্ড ত্যাগ করার কথা ছিল। তবে তাঁর স্ত্রী হাইকমিশনের এক কর্মীকে নির্যাতন করেছেন বলে যে অভিযোগ উঠেছে, তা অস্বীকার করেছেন তিনি। খবর পিটিআইয়ের।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নির্যাতনের অভিযোগ খতিয়ে দেখতে গত মাসেই একটি বিশেষ দল নিউজিল্যান্ডে পাঠানো হয়। ওই দলের প্রতিবেদনের ভিত্তিতেই রবি থাপারকে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে আরও বিস্তারিত তদন্ত করা হচ্ছে।
অভিযোগ রয়েছে, হাইকমিশনারের স্ত্রী শর্মিলা থাপার রান্নার কাজে নিযুক্ত ওই কর্মীকে নির্যাতন করেন। এক রাতে ওই বাবুর্চি ওয়েলিংটনে রবি থাপারের সরকারি বাসভবন থেকে পালিয়ে যান। পরে প্রায় ২০ কিলোমিটার দূরে তাঁকে বিধ্বস্ত অবস্থায় পাওয়া যায়। এরপর তিনি বেশ কিছুদিন ওয়েলিংটনের আশ্রয়শিবিরে কাটান। বাবুর্চির অভিযোগ, রবি থাপারের স্ত্রী তাঁর সঙ্গে ক্রীতদাসের মতো ব্যবহার করেছেন এবং অত্যাচার করেছেন। নিউজিল্যান্ডের সংবাদমাধ্যমে এ খবর প্রকাশিত হয়।
গতকাল সকালে ওয়েলিংটনে রবি থাপারের মালপত্র বহনের জন্য তাঁর সরকারি বাসভবনে একটি ভ্যান যেতে দেখা যায়। এ সময় তাঁর স্ত্রী শর্মিলা গণমাধ্যমকর্মীদের কোনো প্রশ্নের জবাব দিতে অপারগতা প্রকাশ করেন।
তবে রবি থাপার বলেন, ‘২৬ বছর বয়সী ওই বাবুর্চিকে মারধরের প্রশ্নই আসে না। তাঁকে ক্রীতদাস করেও রাখা হয়নি। তাঁর কাছেই সরকারি এই বাসভবনের সব চাবি ছিল। তাঁর চলাচল ছিল অবাধ।’ তিনি বলেন, ‘আমার স্ত্রীর বয়স ৫০-এর বেশি। গাড়ি দুর্ঘটনায় আহত, ঘাড়ের ব্যথায় ভুগছেন তিনি। এমন একজন মানুষ কোনো যুবককে শারীরিকভাবে নির্যাতন করতে পারেন, এ অসম্ভব।’