নিউজিল্যান্ডে ভূমিকম্প, জরুরি অবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) এ কথা জানায়। ভূমিকম্পের পর ক্রাইস্টচার্চ শহরে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ক্রাইস্টচার্চের ৩৫ মাইল উত্তর-পশ্চিমে ভূপৃষ্ঠের ৭ দশমিক ৫ মাইল গভীরে।নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জন কি বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ অবিশ্বাস্যভাবে আতঙ্কজনক। ভূমিকম্পে কেউ মারা যায়নি—বিষয়টিকে অলৌকিক বলা যেতে পারে। তিনি বলেন, পুনর্গঠনকাজে ১৪০ কোটি ডলার খরচ হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।পুলিশ জানায়, ভূমিকম্পে বাড়িঘর ও রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক জায়গায় বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ভবনের ওপর থেকে পাথর ও কাচ পড়ে দুজন গুরুতর আহত হয়েছে। ক্রাইস্টচার্চের বাসিন্দা সুশান ব্রিকবেক বলেন, ‘আমি ভাঙা বাড়ির বিছানায় বসে আছি। চারপাশে অসংখ্য কাচের টুকরো। এখন আমার কী করা উচিত বুঝতে পারছি না।’ভূমিকম্পের কারণে নিউজিল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম শহর ক্রাইস্টচার্চে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। শহরের প্রধান বাণিজ্যিক এলাকায় রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে।নিউজিল্যান্ডে বছরে ১৪ হাজারেরও বেশি ভূমিকম্প হয়। তবে প্রায় ২০টি ভূমিকম্প ৫ দশমিক শূন্য মাত্রা অতিক্রম করে।দেশটিতে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প হয় ১৯৬৮ সালে। ৭ দশমিক ১ মাত্রার ওই ভূমিকম্পে দক্ষিণ আইল্যান্ডের পশ্চিমাঞ্চলীয় উপকূলে তিনজন নিহত হয়।ইউএসজিএস জানায়, শনিবার স্থানীয় সময় ভোর চারটা ৩৫ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে।রেডিও নিউজিল্যান্ড জানায়, অসংখ্য ভূমিকম্প-পরবর্তী কম্পন অনুভূত হয়েছে। ইউএসজিএস জানায়, একটি ভূমিকম্প-পরবর্তী কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৭।স্থানীয় পত্রিকা দ্য প্রেস জানায়, ক্রাইস্টচার্চ ও নিকটবর্তী বন্দরনগরে টিমারুসহ সাউথ আইল্যান্ডের বিশাল এলাকাজুড়ে ভূমিকম্প অনুভূত হয়েছে। পুলিশ জানায়, ডুনেডিনের মতো দূরবর্তী এলাকা থেকে ক্ষয়ক্ষতি এবং বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।প্রায় ৪ লাখ জনঅধ্যুষিত ক্রাইস্টচার্চের মেয়র বব পার্কার বলেন, ভূমিকম্পে শহরের অনেক জায়গায় বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি বলেন, অনেক পুরোনো ভবনের চিমনি ও দেয়াল ধসে পড়েছে। রাস্তায় প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। সড়কের ট্রাফিক বাতিগুলো নিভে গেছে। বিদ্যুৎ, গ্যাস ও পানির সরবরাহ বিঘ্নিত হয়েছে।পুলিশ জানায়, তাৎক্ষণিকভাবে কয়েকটি লুটপাটের ঘটনা ঘটেছে। তবে খুব দ্রুত তা নিয়ন্ত্রণ করা হয়। পুলিশ পরিদর্শক মাইক কোলম্যান রেডিও নিউজিল্যান্ডকে বলেন, শহরের কেন্দ্রস্থলে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি বলেন, তাঁরা কিছু দোকানে লুটপাটের খবরও পেয়েছেন।ভূমিকম্পের পর সর্তকর্তা হিসেবে ক্রাইস্টচার্চ আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়। বিমানবন্দরের মুখপাত্র জানান, বিশেষজ্ঞরা রানওয়ে ও টার্মিনাল ভবন পরীক্ষা করে দেখছেন। বিবিসি, এএফপি ও রয়টার্স।