নিউজিল্যান্ডে ভূমিকম্প, পার্লামেন্ট ভবন ক্ষতিগ্রস্ত
নিউজিল্যান্ডে গতকাল রোববার শক্তিশালী ভূমিকম্পে দেশটির পার্লামেন্ট ভবনসহ বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও কোথাও বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দুর্ঘটনার আশঙ্কায় বিমান ও রেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। বিশ্বব্যাপী ভূমিকম্প পর্যবেক্ষণ-কারী মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, এক মিনিট স্থায়ী ওই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৩। এর কেন্দ্র ছিল রাজধানী ওয়েলিংটনের উপকূল থেকে ৩৫ মাইল দক্ষিণে ও ভূপৃষ্ঠ থেকে ৬ দশমিক ৩ মাইল গভীরে। নিউজিল্যান্ডে ২০১১ সালের ফেব্রুয়ারিতে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে ১৮৫ জন নিহত হয়। সেই ভূমিকম্পের ধ্বংসযজ্ঞের স্মৃতি দেশটির জনমনে এখনো তাজা। জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষক প্রতিষ্ঠান জিওনেট জানায়, স্থানীয় সময় বিকেল পাঁচটা নয় মিনিটে ভূমিকম্প আঘাত হানে। গতকাল দিনের মধ্যেই বেশ কয়েকটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। এর মধ্যে বড়টির মাত্রা ছিল ৬ দশমিক ৫। প্রত্যক্ষদর্শীরা জানান, ভূমিকম্পে অনেক ভবনের জানালা ভেঙে যায় ও দোকানের তাকে থাকা মালপত্র পড়ে যায়। এ ছাড়া পানির নল ফেটে যায় এবং বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়েযায়।
নিউজিল্যান্ড ভূমিকম্পপ্রবণ ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত বলে দেশটিতে ভূমিকম্প ও অগ্ন্যুৎপাতের ঝুঁকি বেশি। দেশটিতে বছরে ১৪ হাজারের বেশি ভূমিকম্প হয়। তবে এর মধ্যে রিখটার স্কেলে ৫ মাত্রা ছাড়িয়ে যায় মাত্র ২০টির মতো। বিবিসি ও এএফপি।