নিউজিল্যান্ডে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত পাঁচ হাজার বাড়ি কিনবে সরকার
নিউজিল্যান্ডের সরকার গতকাল বৃহস্পতিবার ক্রাইস্টচার্চে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত পাঁচ হাজার বাড়ি কেনার প্রস্তাব করেছে। আরও ১০ হাজার বাড়ি কেনা যায় কি না, এ বিষয়ও তারা বিবেচনা করছে।নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জন কি বলেন, গত নয় মাসে দেশের দ্বিতীয় বৃহত্তম শহর ক্রাইস্টচার্চে বারবার ভূমিকম্পে অনেক বাড়ি এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এসব বাড়ি মেরামত করলেও তা টেকসই হওয়ার নয়। সরকার এসব বাড়ি কেনার প্রস্তাব করেছে।বারবার ভূমিকম্পের কারণে অনেক বাসিন্দা এখন ক্রাইস্টচার্চ ছেড়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। বড় তিনটি ভূমিকম্পের পর গত সেপ্টেম্বর থেকে শহরটিতে তিন বা এর বেশি মাত্রার সাড়ে সাত হাজারের বেশি ভূমিকম্প হয়।গত ফেব্রুয়ারিতে ক্রাইস্টচার্চে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প হয়। এতে সেখানে ১৮১ জন মারা যায়। শহরটির অনেক বাড়ি এখন ঝুঁকিপূর্ণ। যুক্তরাষ্ট্রের ভূ-কারিগরি বিশেষজ্ঞরা ক্রাইস্টচার্চকে চারটি এলাকায় ভাগ করেছেন। প্রধানমন্ত্রী কি জানান, এর মধ্যে ‘রেড জোন’ বলে পরিচিত এলাকাটি হচ্ছে ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা। পরের আট সপ্তাহে ওই এলাকার লোকজনকে বাড়ি কেনার ব্যাপারে প্রস্তাব দেওয়া হবে।গত বছরের ৪ সেপ্টেম্বর প্রথম ভূমিকম্প আঘাত হানার আগে ক্রাইস্টচার্চে বাড়ির দাম যা ছিল, সে অনুযায়ী এসব বাড়ির দাম নির্ধারণ করা হবে। এএফপি।