নিউজিল্যান্ডে ভূমিকম্পে নিহতদের জন্য প্রার্থনা
নিউজিল্যান্ডে ক্রাইস্টাচার্চে গত সপ্তাহের ভূমিকম্পে নিহত ব্যক্তিদের আত্মার শান্তির জন্য গতকাল রোববার তাদের স্বজনেরা প্রার্থনা করেছে। শহরের একটি চার্চে এ প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।গত মঙ্গলবার দেশটিতে ভয়াবহ ভূমিকম্পে এ পর্যন্ত ১৪৭ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। ৫০ জন এখনো নিখোঁজ রয়েছে।নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জন কি জানান, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া লোকদের জীবিত উদ্ধার করার ক্ষীণ সম্ভাবনা রয়েছে। তবে গত বুধবারের পর থেকে এ পর্যন্ত জীবিত কাউকে উদ্ধার করা যায়নি। উদ্ধার তৎপরতার পঞ্চম দিনেও শুধু কয়েকটি মৃতদেহ উদ্ধার করা গেছে।এদিকে কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের পর যে পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে আগামী সেপ্টেম্বর ও অক্টোবরে দেশটিতে রাগবি বিশ্বকাপের আয়োজন করা তাদের পক্ষে সম্ভব নাও হতে পারে।প্রকৌশলীরা বলেছেন, ক্রাইস্টচার্চের কেন্দ্রস্থলে অবস্থিত এক-তৃতীয়াংশ স্থাপনা ভেঙে নতুন করে নির্মাণ করতে হবে। এ ছাড়া শহরের উপকণ্ঠে ক্ষতিগ্রস্ত আরও কয়েক শ বাড়িঘর ভেঙে ফেলতে হবে। বিবিসি।