নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬৫
নিউজিল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম নগর ও বাণিজ্যিক কেন্দ্র ক্রাইস্টচার্চে গতকাল মঙ্গলবার এক শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৬৫ জন নিহত হয়েছে। গতকাল স্থানীয় সময় দুপুর ১২টা ৫১ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল নগরের দক্ষিণ-পূর্বের ল্যাটেলটন এলাকায়। প্রধানমন্ত্রী জন কি দিনটিকে দেশবাসীর জন্য স্মরণকালের অন্ধকারময় দিন বলে আখ্যায়িত করেছেন। নিহতের সংখ্যা ৩০০ ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।স্থানীয় পুলিশ জানিয়েছে, ভূমিকম্পে মানুষ হতাহত হওয়ার পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নগরের দেড় শ বছরের পুরোনো প্রধান গির্জা ধসে পড়েছে। দুটি চলন্ত বাসের ওপর একটি বহুতল ভবন ভেঙে পড়লে বেশ কয়েকজন হতাহত হয়। বিদ্যুৎ ও টেলিফোনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। পানি ও গ্যাস সরবরাহের পাইপ ফেটে পরিস্থিতি আরও নাজুক করে তুলেছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০০ কোটি ডলার বলে ধারণা করা হচ্ছে।ক্রাইস্টচার্চের মেয়র বব পার্কার বিবিসিকে জানিয়েছেন, দুই শতাধিক মানুষ ধংসস্তূপের নিচে আটকা পড়েছে। দিনের কর্মব্যস্ত সময়ে ভূমিকম্পটি আঘাত হানায় হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি হয়েছে। হতাহত লোকজনের মধ্যে বহুসংখ্যক পর্যটকও রয়েছেন।প্রধানমন্ত্রী জন কি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে এসে সরকারি টেলিভিশন টিভিএনজেডকে বলেছেন, ‘এটা ক্রাইস্টচার্চবাসী, সেই সঙ্গে পুরো নিউজিল্যান্ডবাসীর জন্য অন্ধকারময় একটি দিন। আমি দেখেছি, ঘটনার আকস্মিকতায় বিমূঢ় হয়ে পড়া লোকজন মাথায় হাত দিয়ে বসে আছে। ধংসস্তূপের নিচ থেকে টেনে বের করা হচ্ছে তাদের আপনজনদের। তবে আমরা অবশ্যই এ আঁধার মুহূর্ত কাটিয়ে উঠব।’দেশটির টেলিভিশনগুলোতে দেখা যাচ্ছে, উদ্ধার পাওয়া আহত লোকজন ধসে পড়া ভবন থেকে অন্যদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। উদ্ধারের পর একে অন্যকে জড়িয়ে ধরছেন। সরকারিভাবে এ পর্যন্ত মৃতের সংখ্যা ৬৫ বলা হলেও এটা ৩০০ ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকাজে সেনাবাহিনী, দমকল বাহিনী নামানো হয়েছে। ৩ নম্বর জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এটি হচ্ছে দেশটির সর্বোচ্চ জরুরি অবস্থার সংকেত।ধসে পড়া কেন্দ্রীয় গির্জার যাজক ধংসস্তূপের পাশে দাঁড়িয়ে বলেন, ‘ভয়াবহ অবস্থা! আমরা এখনো জানি না, এই স্তূপের নিচে কতজন চাপা পড়ে আছে।’ অস্ট্রেলীয় একজন পর্যটক বলেন, ‘এই গির্জার নিচে বহু মানুষ চাপা পড়েছে বলে আমার ধারণা।’ এর আগে গত ৪ সেপ্টেম্বর দেশটিতে ৭ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল। তবে এতে মাত্র দুজন আহত হয়। বিবিসি ও রয়টার্স।