নিউজিল্যান্ডেও জনপ্রিয় প্রিন্স উইলিয়াম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউজিল্যান্ড সফরেও নিজের তারকাখ্যাতির প্রমাণ দিয়েছেন ব্রিটেনের রাজসিংহাসনের দ্বিতীয় উত্তরাধিকার প্রিন্স উইলিয়াম। গতকাল সোমবার নিউজিল্যান্ডের সাধারণ মানুষের সঙ্গে দেখা করতে গেলে তাঁকে দেখে খুশিতে উদ্বেল হয়ে ওঠে তারা। রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতিনিধি হিসেবে তিন দিনের সরকারি সফরে রোববার নিউজিল্যান্ড পৌঁছান প্রিন্স।গতকাল প্রিন্স উইলিয়াম ওয়েলিংটনে একটি নতুন সুপ্রিম কোর্ট ভবনের উদ্বোধন করেন। এক ঘণ্টার উদ্বোধনী অনুষ্ঠান শেষে ভবন থেকে বেরিয়ে এলে তিন থেকে চার হাজার দর্শনার্থী তাঁকে হর্ষধ্বনির মাধ্যমে স্বাগত জানায়। উইলিয়াম জনতার মধ্য দিয়ে হেঁটে যাওয়ার সময় অনেকের সঙ্গে হাত মেলান, শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভরত বিচার মন্ত্রণালয়ের কর্মীদের একটি দল প্রিন্সকে দেখে শান্ত হয়ে যায়। উইলিয়াম এগিয়ে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে হাত মেলান এবং ছবি তোলেন।উইলিয়াম সম্পর্কে দর্শনার্থী সু রেইড বললেন, ‘তিনি তরুণদের জন্য একটি ভালো আদর্শ হতে পারেন। তাঁর মধ্যে রয়েছে দয়া ও মমতা। কোনো রক-তারকার মতো নন তিনি।’ রেইডের মা জান হোয়ি বলেন, মা ডায়ানার মতো উইলিয়ামও ভালো কাজগুলোকে সমর্থন করেন। প্রিন্সকে দেখে আরেকজন নারী চিত্কার করে উঠলেন, ‘তুমি দেখতে তোমার মায়ের মতো।’ জনতার সঙ্গে আধা ঘণ্টা কাটানোর সময় সর্বক্ষণই উইলিয়ামের মুখে হাসি লেগেছিল। এ সময় তাঁকে ঘিরে ছিল ২০ জনের একটি নিরাপত্তা দল। ব্রিটেনের রাজপুত্রকে দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠে একদল কিশোরী। তারা উইলিয়ামের সঙ্গে হাত মেলায়। একজন বলল, ‘তিনি আত্মবিশ্বাসের সঙ্গে হাত মিলিয়েছেন, কোনো ধরনের লাজুকতা ছিল না।’ কেন উইলিয়ামের সঙ্গে দেখা করতে এসেছে জানতে চাইলে কিশোরীটি উত্তর দেয়. ‘তিনি এখনো বিয়ে করেননি।’এদিকে নিউজিল্যান্ডের যারা ব্রিটিশ রাজতন্ত্রের আনুষ্ঠানিক অবসান চায় তারা প্রিন্স উইলিয়ামের সফরের সময় শান্তিপূর্ণভাবে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে। গতকাল এই আন্দোলনের চেয়ারম্যান লুইস হোলডেন বলেন, ‘প্রিন্স উইলিয়াম ভালো মানুষ হতে পারেন। কিন্তু একজন নিউজিল্যান্ডের নাগরিকের ভবনটির উদ্বোধন করা উচিত ছিল।’ সাম্প্রতিক জরিপে দেখা গেছে, ৪০ শতাংশের বেশি নিউজিল্যান্ডবাসী তাদের দেশকে একটি পূর্ণ প্রজাতন্ত্র হিসেবে দেখতে চায়।উইলিয়াম সুপ্রিম কোর্ট ভবন উদ্বোধন করার সময় তাঁর সঙ্গে ছিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জন কি। নিউজিল্যান্ড ১৯৪৭ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। তবে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ আনুষ্ঠানিকভাবে দেশটির রাষ্ট্রপ্রধানের মর্যাদা ভোগ করে আসছেন। এএফপি।