নিউজিল্যান্ডের সৈকতে উঠে এসেছে আরও ২০০টি তিমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউজিল্যান্ডে সাউথ আইল্যান্ডের সাগর সৈকতে উঠে আসা কয়েক শ তিমির মধ্যে এক শটিকে জীবিত অবস্থায় সাগরে ফেরত পাঠাতে পেরেছেন উদ্ধারকর্মীরা। তবে গতকাল শনিবার সেখানে আরও ২০০টি তিমি উঠে আসে।
১৯১৮ সালে নিউজিল্যান্ডের চ্যাথাম আইল্যান্ডসে হাজারখানেক তিমি সৈকতে আছড়ে পড়ার পর থেকে এবারই দেশটিতে সবচেয়ে বেশি তিমি ডাঙায় এসে আটকা পড়েছে।
উদ্ধারকর্মীদের সঙ্গে কয়েক শ স্বেচ্ছাসেবক শুক্রবার সাগরে নেমে মানববন্ধন গড়ে তিমিগুলোকে বাঁচানোর চেষ্টা করেন। সেদিনই সেখানে ৪১৬টি তিমি এভাবে ভেসে আসে। উদ্ধারকর্মীরা হাঙরের আক্রমণের হুমকি উপেক্ষা করে তাদের বাঁচাতে দিনভর চেষ্টা করেন। সংরক্ষণ বিভাগের কর্মীরা সন্ধ্যায় তিমি উদ্ধারের তৎপরতা সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। কারণ, অন্ধকারে কাজটা বেশ ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। তবে জোয়ারের সময় তাঁরা বেশ কিছুসংখ্যক তিমিকে ঠেলে সাগরে ফিরিয়ে দেন। তবে সংরক্ষণ বিভাগের মুখপাত্র হার্ব ক্রিস্টোফারস বলেন, রাতের মধ্যেই আরও ২০০ তিমি সাঁতরে সৈকতে উঠে আসে। এসবের মধ্যে প্রায় ২০টি তিমিকে দিনের বেলায় সাগরে ফেরত পাঠানো হয়েছিল।
তিমিদের সৈকতে চলে আসার সঠিক কারণ বিজ্ঞানীদের অজানা। তবে তাঁরা মনে করেন, সাগরবাসী এ বিশাল স্তন্যপায়ী প্রাণীগুলো বয়স্ক ও অসুস্থ বা আহত হয়ে পড়লে কিংবা দিক ভুল করার কারণে কখনো কখনো সৈকতের দিকে চলে আসে। দু-একটি তিমি ডাঙায় চলে এলে একধরনের সংকেত পাঠিয়ে বাকিগুলোকে ডেকে আনে।
পরিবেশ সংগঠন প্রজেক্ট জোনাহর মহাব্যবস্থাপক ড্যারেন গ্রোভার বলেন, এত তিমির এভাবে উঠে আসার কারণ অজানা। হয়তো তারা আগে উঠে আসা সঙ্গীদের ডাকে সাড়া দিয়েছে। এ রকম ঘটনা অস্বাভাবিক।
সরকারি উদ্ধারকর্মী মাইক অগলে বলেছেন, হয়তো অগভীর সাগরে হাঙরের আক্রমণের ভয়ে তিমিগুলো সৈকতে চলে এসেছে।
সামুদ্রিক প্রাণিচিকিৎসক টিম কাফ বলেন, ‘একসঙ্গে এতগুলো তিমির মৃত্যু হৃদয়বিদারক। সৈকতে মৃত তিমির দীর্ঘ সারি তৈরি হয়েছে।’