নিউটাউনের নাম 'জ্যোতি বসু নগরী' রাখার পক্ষে রাজ্যপাল
কলকাতা মহানগরের পাশে রাজারহাট এলাকার নিউটাউনের নাম ‘জ্যোতি বসু নগরী’ রাখার পক্ষেই মত দিয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল এম কে নারায়ণন। গতকাল বুধবার রাজারহাটে একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে রাজ্যপাল জানান, জ্যোতি বসু নগরীর নাম পরিবর্তনে তাঁর সায় নেই।
এদিকে রাজ্যপালের ওই মন্তব্যের পর নিউটাউনের নাম জ্যোতি বসু নগরী রাখার পক্ষে আন্দোলনরত বাম বিধায়কেরা নতুন মাত্রা পাবেন বলে মনে করা হচ্ছে।
২০১০ সালে নিউ টাউনের নাম রাখা হয়েছিল জ্যোতি বসু নগরী। ২০১১ সালে তত্কালীন বামফ্রন্ট সরকার এ-সংক্রান্ত একটি বিলও বিধানসভায় পাস করিয়ে তা অনুমোদনের জন্য পাঠিয়েছিল পশ্চিমবঙ্গের রাজ্যপালের কাছে। কিন্তু সেই বিল রাজ্যপালের অনুমোদনের আগে সরকার বদল হয়। এরপর রাজ্যপাল এ ব্যাপারে নতুন সরকারের মতামত চান। কিন্তু এরই মধ্যে গত মঙ্গলবার রাজ্য বিধানসভায় সেই নাম বাদ দিয়ে পুরোনো নিউটাউন নামেই একটি সংশোধনী বিল পেশ করেন রাজ্যের নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। এর পরপরই বাম দলের বিধায়কেরা বিক্ষোভে ফেটে পড়েন। গত মঙ্গলবার ও গতকাল বুধবার বাম বিধায়কেরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিধানসভার ওয়েলে নেমে বিক্ষোভ প্রদর্শন করে সেখান থেকে ওয়াকআউট করেন।