নিউট্রিনোর রহস্য ভেদকারীরা পেলেন পদার্থবিদ্যায় নোবেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আর্থার ম্যাকডোনাল্ড, তাকাকি কাজিতা
আর্থার ম্যাকডোনাল্ড, তাকাকি কাজিতা

রহস্যময় মৌলিক কণা নিউট্রিনোর হেঁয়ালির পর্দা উন্মোচন করে এ বছর পদার্থবিজ্ঞানে নোবেল জিতলেন জাপান ও কানাডার দুই বিজ্ঞানী। খবর এএফপি ও বিবিসির।
নোবেল কমিটি গতকাল মঙ্গলবার এ দুই বিজ্ঞানী জাপানের তাকাকি কাজিতা ও কানাডার আর্থার ম্যাকডোনাল্ডের নাম ঘোষণা করে। গত বছরও পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন জাপানি বংশোদ্ভূত তিন বিজ্ঞানী। জ্বালানিসাশ্রয়ী উজ্জ্বল আলো তৈরিতে সক্ষম লাইট ইমিটিং ডায়োড (এলইডি) উদ্ভাবনের জন্য তাঁরা ওই পুরস্কার পেয়েছিলেন।
রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্স বলেছে, নিউট্রিনোর ভর আছে ও তা আন্দোলিত হয়—বিষয়টি প্রমাণ করেছেন এই দুই বিজ্ঞানী। এই উদ্ভাবনের স্বীকৃতি হিসেবেই তাঁদের নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছে।
একাডেমি আরও বলেছে, ‘এই আবিষ্কার পদার্থের নিগূঢ়তম ক্রিয়া পদ্ধতি সম্পর্কে আমাদের ধারণা পাল্টে দিয়েছে। তাছাড়া এটি মহাবিশ্ব সম্পর্কে প্রচলিত দৃষ্টিভঙ্গিতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।’ এ আবিষ্কার মহাবিশ্বের কণা ও শক্তি সম্পর্কে ধারণাগত মডেলকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। পদার্থের কণা ও মহাবিশ্বকে বুঝতে এ আবিষ্কারের অবদান হবে যুগান্তকারী।
প্রচলিত ধারণায় নিউট্রিনো ভরহীন কণা। তবে কাজিতা ও ম্যাকডোনাল্ডের গবেষণায় প্রমাণিত হয়, এটি ঠিক নয়। পদার্থবিজ্ঞানের সূত্র অনুযায়ী, নিউট্রিনোর ভর থাকলেই কেবল তা রূপান্তরিত হতে বা পরিচয় পাল্টাতে সক্ষম। নতুন আবিষ্কারের ফলে প্রমাণিত হলো, এ কণা রূপান্তরিত হতেও সক্ষম।
নিউট্রিনো অর্থ ‘ক্ষুদ্র নিরপেক্ষ কণা’। এটি বৈদ্যুতিক চার্জবিহীন, দুর্বল সক্রিয় ক্ষুদ্র পারমাণবিক কণা। পদার্থের মধ্য দিয়ে এ কণা প্রায় অবিকৃতভাবে চলাচল করতে পারে। ২০১১ সালের সেপ্টেম্বরে গবেষকেরা ঘোষণা করেছিলেন, নিউট্রিনো আলোক কণা থেকেও দ্রুতগতিসম্পন্ন।
নিউট্রিনো লাখ লাখ কোটি কোটি কণার স্রোত হয়ে অবিরাম বয়ে চলেছে। চলার পথে সবকিছুকেই ভেদ করে চলেছে তা। কিন্তু আমরা অনুভব করি না। এই কণার কোনোটির সৃষ্টি মহাবিশ্ব সৃষ্টির কথিত মুহূর্ত ‘বিগ ব্যাং’-এর সময়। কোনোটা সুপারনোভার বিস্ফোরণ থেকে। কোনোটা বা পরমাণুর তেজস্ক্রিয় ক্ষয়ের সময়।
মানবদেহে পটাশিয়ামের আইসোটোপ ক্ষয়ের সময়ও এই কণা তৈরি হয়। এমন সর্বব্যাপী কণা হলেও নিউট্রিনোর রহস্য উন্মোচন এত দিন অধরাই ছিল।
নিউট্রিনো কণার অস্তিত্বের কথা পরীক্ষামূলকভাবে প্রথম ঘোষণা করা হয় ১৯৩০ সালে। ২০ বছর পর ১৯৫০ সালে এর অস্তিত্ব প্রমাণিত হয়। পারমাণবিক চুল্লির কার্যক্রম থেকে সে সময় ধরা পড়ে এর অস্তিত্ব।
বিজ্ঞানী কাজিতা ও ম্যাকডোনাল্ড নোবেল পুরস্কারের অর্থ ৮০ লাখ সুইডিশ ক্রোনার ভাগাভাগি করে নেবেন। আজ বুধবার রসায়ন ও কাল বৃহস্পতিবার সাহিত্যে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে। শুক্রবার অসলোতে ঘোষণা করা হবে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীর নাম। ১২ অক্টোবর অর্থনীতিতে বিজয়ীর নাম ঘোষণার মধ্য দিয়ে এ বছরের নোবেল পুরস্কার ঘোষণার পর্দা নামবে।