নিক্সনকে সমর্থন করেছিলেন রিগ্যান ও বুশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিচার্ড নিক্সন
রিচার্ড নিক্সন

ওয়াটারগেট কেলেঙ্কারির ঘটনা ফাঁস হওয়ার পর ঘটনাটি নিয়ে তৎকালীন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের দেওয়া ভাষণ সমর্থন করেছিলেন ভাবী দুই প্রেসিডেন্ট। তাঁরা হলেন, রোনাল্ড রিগ্যান ও জর্জ এইচ ডব্লিউ বুশ। নতুন প্রকাশিত কিছু রেকর্ডিংয়ে এই তথ্য প্রকাশিত হয়েছে। এগুলো ওই সময়ের প্রকাশিত গোপন তথ্যের শেষ কিস্তির অন্তর্ভুক্ত।
১৯৭২ সালের ওয়াটারগেট কেলেঙ্কারি যুক্তরাষ্ট্রের ইতিহাসে বহুল আলোচিত একটি ঘটনা। রিপাবলিকান প্রেসিডেন্ট নিক্সন তখন দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার চেষ্টা করছিলেন। তাঁর নির্বাচন কমিটির সঙ্গে সংশ্লিষ্ট কিছু ব্যক্তি প্রতিপক্ষ ডেমোক্রেটিক পার্টির খবরাখবর পেতে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত দলটির সদর দপ্তরে গোপনে টেপ রেকর্ডার স্থাপন করেছিলেন। ঘটনাটি ফাঁস হওয়ার পর হোয়াইট হাউসের কয়েকজন কর্মকর্তা পদত্যাগ করেন এবং একজনকে বরখাস্ত করা হয়। ওই কেলেঙ্কারির জেরে নিক্সনও ১৯৭৪ সালে পদত্যাগ করেন। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত তিনিই একমাত্র পদত্যাগ করা প্রেসিডেন্ট।
নতুন প্রকাশিত টেপগুলো ১৯৭৩ সালের ৯ এপ্রিল থেকে ১২ জুলাইয়ের মধ্যকার। ১৩ জুলাই মার্কিন সিনেটের ওয়াটারগেট কেলেঙ্কারি তদন্ত কমিটির কাছে নিক্সনের দপ্তরে গোপন রেকর্ডিং পদ্ধতির অস্তিত্ব থাকার কথা প্রকাশ করা হয়। যুক্তরাষ্ট্রের জাতীয় আর্কাইভ ও রেকর্ড প্রশাসন যে তিন হাজার ঘণ্টার টেপ প্রকাশ করেছে, এগুলো তার মধ্যে সর্বশেষ। জাতীয় নিরাপত্তা ও গোপনীয়তা নিয়ে উদ্বেগের কারণে আরও ৭০০ ঘণ্টার টেপ এখনো অপ্রকাশিত রাখা হয়েছে। তবে এর মধ্যেও কিছু প্রকাশ করা যায় কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
ওয়াটারগেট কেলেঙ্কারি সামাল দিতে প্রেসিডেন্ট নিক্সন জনগণের উদ্দেশে দেওয়া ভাষণে আত্মপক্ষ সমর্থন করেছিলেন। নিক্সন দাবি করেছিলেন, তিনি প্রতিপক্ষের কার্যালয়ে ওই আড়িপাতা সম্পর্কে জানতেন না। ওই ভাষণের পর প্রেসিডেন্টকে ফোন করে নিজেদের সমর্থনের কথা জানিয়েছিলেন রিগ্যান ও বুশ।
ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের তৎকালীন গভর্নর রিগ্যান নিক্সনকে ফোন করে তাঁর ভাষণটিকে সঠিক আখ্যায়িত করেন। রিগ্যান নিক্সনকে বলেন, ‘আমরা এখনো আপনার পাশে আছি। আমি আপনাকে জানাতে চাই যে আপনি আমাদের প্রার্থনার মধ্যে রয়েছেন।’ একই দিন সন্ধ্যায় রিপাবলিকান ন্যাশনাল কমিটির নবনির্বাচিত চেয়ারম্যান বুশ নিক্সনকে ফোন করে বলেন, তিনি তাঁর ভাষণটি ‘খুবই আত্মতৃপ্তির’ সঙ্গে দেখেছেন।
প্রকাশিত টেপে আরও দেখা গেছে, নিক্সনের প্রেস সেক্রেটারি রন জেইগলার ওয়াশিংটন পোস্ট পত্রিকার সাংবাদিক বব উডওয়ার্ডের আরও মারাত্মক খবর প্রকাশের সম্ভাব্যতা নিয়ে প্রেসিডেন্টকে ব্রিফ করছেন। বিবিসি।