নিক্সনের উপদেষ্টা কোলসনের মৃত্যু
সত্তরের দশকের বহুল আলোচিত ওয়াটারগেট কেলেঙ্কারিতে জড়িত তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট নিক্সনের সহযোগী চার্লস কোলসন (৮০) আর নেই। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে ভার্জিনিয়া অঙ্গরাজ্যের একটি হাসপাতালে গত শনিবার তিনি মারা যান। সাবেক নৌসেনা কর্মকর্তা কোলসন ১৯৬৯ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত প্রেসিডেন্ট নিক্সনের বিশেষ উপদেষ্টার দায়িত্ব পালন করেন। ওয়াটারগেট কেলেঙ্কারির সঙ্গে সংশ্লিষ্টতা, কূটকৌশল অবলম্বন ও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের সুনাম ক্ষুণ্ন করার অপরাধে সাত মাসের সাজা হয় কোলসনের। তিনি ১৯৭১ সালে প্রেসিডেন্টের প্রধান রাজনৈতিক বিরোধীদের নামের একটি তালিকা তৈরি করেন। ওই ‘শত্রু-তালিকায়’ রাজনীতিবিদ, সাংবাদিক ও আন্দোলনকারীদের নাম অন্তর্ভুক্ত করা হয়। ওয়াটারগেট কেলেঙ্কারির দায়ে প্রেসিডেন্ট নিক্সনের পতন হয়েছিল। যুক্তরাষ্ট্রের নিকৃষ্টতম ওই রাজনৈতিক কেলেঙ্কারিতে জড়িত ছিলেন কোলসন। রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট নিক্সনের দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পেছনে কোলসনের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এএফপি ও বিবিসি।