নিখোঁজ উড়োজাহাজে যাত্রী ছিলেন যাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৩৯ জন আরোহী নিয়ে নিখোঁজ মালয়েশিয়া এয়ারলাইনসের উড়োজাহাজটির এখনো হদিস মেলেনি। তবে আরোহীদের ব্যাপারে বিস্তারিত তথ্য আসতে শুরু করেছে। কুয়ালালামপুর থেকে চীনের বেইজিংগামী ফ্লাইট এমএইচ৩৭০ গত শুক্রবার মধ্যরাতে নিখোঁজ হয়।
ভিয়েতনামের দক্ষিণে জলসীমায় যাওয়ার পর রহস্যজনকভাবে বোয়িং ৭৭৭-২০০ইআর উড়োজাহাজটি নিখোঁজ হয়। এতে মোট ১৪টি দেশের ২৩৯ আরোহী ছিল।
মালয়েশিয়া এয়ারলাইনসের প্রকাশিত তালিকা থেকে দেখা যায়, উড়োজাহাজে সবচেয়ে বেশি ১৫৩ জন আরোহী ছিল চীনের। এর মধ্যে ১৯ সদস্যের নামকরা শিল্পীদের একটি গ্রুপও ছিল। ওই শিল্পীরা কুয়ালালামপুরে একটি প্রদর্শনীতে অংশগ্রহণ শেষে দেশে ফিরছিলেন।
প্রদর্শনীর আয়োজক ড্যানিয়েল লিয়াওয়ের উদ্ধৃতি দিয়ে মালয়েশিয়ার সংবাদপত্র স্টার-এর খবরে বলা হয়, শিল্পীদের ওই গ্রুপের প্রত্যেক সদস্যই চীনের ‘বিখ্যাত’ শিল্পী। তাঁদের মধ্যে কয়েকজন চীনের নেতৃস্থানীয় ক্যালিওগ্রাফি শিল্পীও ছিলেন।
উড়োজাহাজের আরও আট চীনা যাত্রী ও অন্য ১২ জন মালয়েশীয় নাগরিক ছিলেন, যাঁরা আমেরিকার ফ্রিস্কেল সেমিকন্ডাক্টর কোম্পানির কর্মী। টেক্সাসভিত্তিক কোম্পানিটি হার্ডওয়্যার ও চিপস তৈরি করে।
উড়োজাহাজে পাঁচটি শিশু ছিল। তাদের মধ্যে তিনজন চীনা এবং অন্য দুজন মার্কিন। ফিলিপ উড নামের ৫১ বছর বয়সী এক মার্কিনও ছিলেন।
উড়োজাহাজের আরোহী সবচেয়ে বয়স্ক ব্যক্তির বয়স ৭৯ বছর। এর ১২ জন ক্রুর নেতৃত্ব দেওয়া পাইলটের নাম জাহারি আহমেদ শাহ। ৫৩ বছর বয়সী শাহ ১৯৮১ সালে এ পেশায় যোগ দেন। ১৮ হাজার ৩৬৫ ঘণ্টা ফ্লাইট পরিচালনা করার অভিজ্ঞতা রয়েছে।
তবে সবচেয়ে গোলমেলে প্রশ্ন ঘুরে ফিরে আসছে ইতালির নাগরিক লুইগি মারালদি ও অস্ট্রিয়ার নাগরিক ক্রিস্টিয়ান কোজেল নামের দুই ব্যক্তিকে নিয়ে। ফ্লাইটে যাত্রীর তালিকায় ওই দুজনের নাম থাকলেও দেশ দুটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ওই দুই ব্যক্তি উড়োজাহাজে ছিলেন না। মারালদি ও কোজেলের পাসপোর্ট সম্প্রতি থাইল্যান্ডে খোয়া যায়। বিবিসি।