নিখোঁজ বিমানটি সাগরে ডুবে গেছে, কেউ বেঁচে নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজ মালয়েশীয় উড়োজাহাজের আরোহীদের কেউ বেঁচে নেই। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক কুয়ালালামপুরে গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, উড়োজাহাজটি ভারত মহাসাগরের দক্ষিণাংশে ডুবে গিয়ে ধ্বংস হয়েছে। কৃত্রিম উপগ্রহের (স্যাটেলাইট) তথ্য-উপাত্ত বিশ্লেষণে এ রকমই ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
২৩৯ জন আরোহীসহ নিখোঁজ উড়োজাহাজটি ধ্বংস হয়েছে বলে চূড়ান্ত ইঙ্গিত পাওয়ার পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক গতকাল বাংলাদেশ সময় রাত আটটায় এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে বলেন, দুর্ঘটনাস্থলটি একটি প্রত্যন্ত এলাকা। সম্ভাব্য অবতরণক্ষেত্র থেকে সেটির অবস্থান অনেক দূরে। তাই গভীর দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে, ফ্লাইট৩৭০-এর সলিলসমাধি ঘটেছে। একটি ব্রিটিশ স্যাটেলাইট কোম্পানির উপগ্রহ তথ্য-উপাত্ত বিশ্লেষণের বরাত দিয়ে নাজিব রাজাক এ কথা জানান।
নাজিব রাজাকের এই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে দুই সপ্তাহেরও আগে নিখোঁজ উড়োজাহাজটির হতভাগ্য আরোহীদের বেঁচে থাকার ক্ষীণ আশাটুকুও শেষ হয়ে গেল। কুয়ালালামপুর থেকে গত ৮ মার্চ বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করার পর মালয়েশিয়া এয়ারলাইনসের এই উড়োজাহাজটি নিখোঁজ হয়।
উড়োজাহাজটি নিখোঁজের ১৬ দিন পর গতকাল মালয়েশিয়া এয়ারলাইনস কর্তৃপক্ষ ওই দুর্ঘটনাকবলিত উড়োজাহাজের আরোহীদের স্বজনদের মুঠোফোনে খুদে বার্তা পাঠায়। এতে গভীর দুঃখ প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, ফ্লাইট৩৭০ নিখোঁজ হয়েছে। এ ব্যাপারে ‘কোনো সন্দেহ নেই’।
এর আগে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবট গতকাল বলেন, তাঁর দেশের একটি উড়োজাহাজ থেকে ভারত মহাসাগরের উত্তরাংশে দুটি (একটি ‘আয়তাকার’ ও একটি ‘বৃত্তাকার’) বস্তু শনাক্ত করা হয়েছে।
ওই দুটি বস্তু মালয়েশীয় উড়োজাহাজটিরই ধ্বংসাবশেষ বলে ধারণা করা হচ্ছে। সম্ভাব্য ধ্বংসাবশেষের অভিমুখে গতকাল এগিয়ে যায় অস্ট্রেলিয়ার নৌবাহিনীর একটি জাহাজ। তবে বস্তু দুটির আকার সম্পর্কে মালয়েশিয়া বা অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ কোনো সুনির্দিষ্ট ধারণা দেয়নি। অ্যাবট নিজ দেশের পার্লামেন্টে বলেন, তাঁরা ওই ভাসমান বস্তুগুলো শিগগিরই উদ্ধার করার ব্যাপারে আশাবাদী। হয়তো এতে করে বেদনাদায়ক একটি দুর্ঘটনার রহস্য সমাধানের কাছাকাছি পৌঁছানো যাবে।
অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর পার্থ থেকে প্রায় আড়াই হাজার কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে প্রাপ্ত দুটি বস্তুকে ওই উড়োজাহাজের ধ্বংসাবশেষ বলে ধারণা করা হচ্ছে। তদন্তকারীরা আশা করছেন, তাঁরা বর্তমান সময়ের সবচেয়ে বড় রহস্যগুলোর একটি সমাধান করতে যাচ্ছেন।
দুটি বড় নৌপথ ধরে তল্লাশি চলছে: নিখোঁজ ফ্লাইট৩৭০-এর খোঁজে এখন দুটি বড় নৌপথ ধরে তল্লাশি চলছে। প্রথমটি মালাক্কা প্রণালির উত্তর-পশ্চিমে এবং অপরটি দক্ষিণ-পশ্চিমে। অস্ট্রেলিয়া ও চীনের কৃত্রিম উপগ্রহের ছবির সাহায্যে ভারত মহাসাগরের দক্ষিণে উড়োজাহাজটির সম্ভাব্য ধ্বংসাবশেষের খোঁজে আগে থেকেই আন্তর্জাতিক পর্যায়ে অনুসন্ধান চালানো হয়। এতে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলীয় সামরিক বিমানসহ মোট ছয়টি উড়োজাহাজ যোগ দেয়। এএফপি, রয়টার্স ও বিবিসি।