নিখোঁজ বিমানে বাংলাদেশি না থাকার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিধ্বস্ত হওয়া বিমানের এক যাত্রীর স্বজন চীনের বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরে কান্নায় ভেঙে পড়েন। ছবি: রয়টার্স
বিধ্বস্ত হওয়া বিমানের এক যাত্রীর স্বজন চীনের বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরে কান্নায় ভেঙে পড়েন। ছবি: রয়টার্স

মালয়েশিয়ান এয়ারলাইনসের নিখোঁজ হওয়া বিমানটিতে থাকা যাত্রীদের যে তালিকা প্রাথমিকভাবে দিয়েছে কর্তৃপক্ষ, এতে বাংলাদেশি কোনো নাগরিক নেই।
বিমান নিখোঁজ হওয়ার পর আজ শনিবার এয়ারলাইনস কর্তৃপক্ষ যাত্রী ও ক্রুদের একটি প্রাথমিক তালিকা দিয়েছে। ওই তালিকার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ তথ্য জানানো হয়।
ভিয়েতনাম নৌবাহিনীর একজন পদস্থ কর্মকর্তার উদ্ধৃতির বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, নিখোঁজ হওয়া বিমানটি বিধ্বস্ত হয়ে দক্ষিণ চীন সাগরে পড়েতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। চীন ও মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে তাত্ক্ষণিকভাবে এই প্রতিবেদনের সত্যতা নিশ্চিত করা হয়নি। বিমানে থাকা যাত্রী ও ক্রুদের ভাগ্যে কী ঘটেছে, তা জানা যায়নি। 
মালয়েশিয়ান এয়ারলাইনস কর্তৃপক্ষ জানায়, বিমানটিতে যাত্রী হিসেবে চীনের ১৫২ জন, মালয়েশিয়ার ৩৮ জন, ইন্দোনেশিয়ার ১২ জন, অস্ট্রেলিয়ার সাতজন, যুক্তরাষ্ট্রের তিনজন, ফ্রান্সের তিনজন, নিউজিল্যান্ডের দুজন, ইউক্রেনের দুজন, কানাডার দুজন, ইতালির একজন, তাইওয়ানের একজন, নেদারল্যান্ডসের একজন ও অস্ট্রিয়ার একজন নাগরিক ছিলেন। এ ছাড়া যাত্রীদের সঙ্গে একটি মার্কিন ও একটি চীনা শিশুও ছিল।

স্থানীয় সময় গতকাল শুক্রবার দিবাগত রাত দুইটা ৪০ মিনিট থেকে মালয়েশিয়ান এয়ারলাইনসের ফ্লাইট এমএইচ৩৭০ নিখোঁজ হয়। বোয়িং বি৭৭৭-২০০ বিমানটিতে ২২৭ জন যাত্রী ও ১২ জন ক্রু ছিলেন। বিমানটি কুয়ালালামপুর থেকে বেইজিং যাচ্ছিল। স্থানীয় সময় আজ সকাল সাড়ে ছয়টায় বিমানটির বেইজিংয়ে অবতরণের কথা ছিল।
মালয়েশিয়ান এয়ারলাইনস কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, আমরা গভীরভাবে মর্মাহত যে ফ্লাইট এমএইচ৩৭০-এর সঙ্গে সব ধরনের যোগাযোগ হারিয়েছি। বিমানটি রাত ১২টা ৪১ মিনিটে বেইজিংয়ের উদ্দেশে কুয়ালালামপুর ছাড়ে। কুয়ালালামপুর ছাড়ার দুই ঘণ্টা পর বিমানটি নিখোঁজ হয়।
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, ভিয়েতনামের আকাশে বিমানটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। বিমানটি চীন-নিয়ন্ত্রিত আকাশসীমায় প্রবেশ করেনি। এমনকি চীনা কর্তৃপক্ষের সঙ্গে কোনো যোগাযোগও করেনি।