নিখোঁজ বিমানের তল্লাশিকে 'সর্বাগ্রাধিকার' ওবামার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ার নিখোঁজ বিমানের তল্লাশি অভিযানকে যুক্তরাষ্ট্র ‘সর্বাগ্রাধিকার’ হিসেবে নিয়েছে। গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউসে টিভিতে দেওয়া এক সাক্ষাত্কারে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এ মন্তব্য করেন।

এ ঘটনায় এখন পর্যন্ত যেসব তথ্য-উপাত্ত পাওয়া গেছে, মালয়েশীয় কর্তৃপক্ষ তা মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থাকে (এফবিআই) জানিয়েছে এবং এ বিষয়ে সংস্থাটির কাছে সহযোগিতা চেয়েছে।

মালয়েশিয়া এয়ারলাইনসের এমএইচ৩৭০ ফ্লাইটটি ২৩৯ জন আরোহী নিয়ে ৭ মার্চ রাতে নিখোঁজ হয়। এর মধ্যে ১৫৪ জন যাত্রীই চীনের। প্রায় দুই সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো কোনো আশার আলো পাওয়া যায়নি।

এদিকে এ ঘটনার পর ওবামা এ নিয়ে এই প্রথম ক্যামেরার সামনে মুখ খুললেন। তিনি বিমানের যাত্রীদের স্বজনদের প্রতি সমবেদনা ও শুভকামনা জানান।

হোয়াইট হাউসে একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাত্কারে ওবামা বলেন, ‘আমি তাঁদের আশ্বস্ত করতে চাই, নিখোঁজ বিমানটির খোঁজ করাকেই আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি।’

নিখোঁজ বিমানের তল্লাশি-সংক্রান্ত তথ্য কুয়ালালামপুর বিমানবন্দরের কাছে একটি হোটেলে নিয়মিত ব্রিফিং করে গণমাধ্যমকে জানানো হয়। গতকাল এই ব্রিফিং চলাকালে চীনা যাত্রীদের স্বজনেরা কড়া নিরাপত্তা বেষ্টনী ভেঙে হুড়মুড় করে হোটেলে ঢোকার চেষ্টা করেন। এ সময় সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনেকেই চিত্কার করেন এবং কান্নায় ভেঙে পড়েন।

এ সময় তাঁদের হাতে ছিল ‘আমাদের পরিবার ফিরিয়ে দাও’ লেখাসংবলিত ব্যানার। তাঁরা অভিযোগ করেন, মালয়েশিয়ান কর্তৃপক্ষ তথ্য ঝুলিয়ে রেখেছে এবং বিমানটিকে খুঁজতে তেমন কিছুই করছে না।

এই পরিস্থিতির প্রেক্ষাপটে ওবামা মালয়েশিয়া সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা করার ওপর জোর দেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তা এএফপিকে জানান, নিখোঁজ বিমানের চিফ পাইলট ক্যাপ্টেন জাহারিয়া আহমদ শাহর বাড়িতে থাকা ফ্লাইট সিমুলেটর থেকে মুছে দেওয়া তথ্য উদ্ধারে এফবিআইয়ের কাছে সহযোগিতা চেয়েছে মালয়েশিয়া। গত শনিবার মালয়েশীয় পুলিশ জাহারির বাড়ি থেকে সিমুলেটরটি উদ্ধার করে।

বিমানটি মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে চীনের বেইজিংয়ের উদ্দেশে যাত্রার এক ঘণ্টা পর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানটিকে খুঁজে বের করতে চিরুনি অভিযান চলছে। এতে ২৬টি দেশ অংশ নিয়েছে বলে মালয়েশিয়া কর্তৃপক্ষ বলেছে। স্থল, নৌ ও আকাশপথে চালানো হচ্ছে এ অভিযান।