নিখোঁজ বিমানের সন্ধানে চীনের ১০ স্যাটেলাইট

নিখোঁজ মালয়েশিয়ান বিমানের খোঁজ পেতে চীন ১০টি স্যাটেলাইট মোতায়েন করেছে। বিমানটি নিখোঁজ হওয়ার চার দিনের মাথায় বেইজিং এ উদ্যোগ নিল। আজ মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে এ কথা জানানো হয়।
স্থানীয় পত্রিকার খবরের বরাত দিয়ে পিটিআই জানায়, উচ্চ ক্ষমতাসম্পন্ন স্যাটেলাইটগুলো আবহাওয়া পর্যবেক্ষণ, যোগাযোগ ও উদ্ধারকার্যক্রমে সহায়ক বিষয়াদি পর্যবেক্ষণ করবে।
বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, নিখোঁজ বিমানের সন্ধানে তত্পরতা আরও জোরদার করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুইন গাং বলেন, ‘নিখোঁজ বিমানের সন্ধানে তত্পরতা জোরদার করা এবং এ ব্যাপারে প্রাপ্ত তথ্য চীনকে সঠিকভাবে সময়মতো জানানোর বিষয়ে মালয়েশিয়াকে তাগাদা দেওয়ার দায়িত্ব আমাদের আছে।’

গত শুক্রবার মধ্যরাতে ২৩৯ জন আরোহী নিয়ে কুয়ালালামপুর থেকে চীনের বেইজিংগামী ফ্লাইট এমএইচ৩৭০ নিখোঁজ হয়। ভিয়েতনামের দক্ষিণে জলসীমায় যাওয়ার পর রহস্যজনকভাবে বোয়িং ৭৭৭-২০০ইআর উড়োজাহাজটি নিখোঁজ হয়। এতে মোট ১৪টি দেশের ২৩৯ আরোহী ছিলেন। মালয়েশিয়া এয়ারলাইনসের প্রকাশিত তালিকা থেকে দেখা যায়, উড়োজাহাজে সবচেয়ে বেশি ১৫৩ জন আরোহী ছিলেন চীনের।
২২টি বিমান ও ৪০টি বিভিন্ন ধরনের নৌযান তন্ন তন্ন করে খুঁজছে নিখোঁজ উড়োজাহাজটিকে। কিন্তু সাগরে তেলের স্তর ভাসতে দেখা ছাড়া এর ধ্বংসাবশেষের আর কোনো আলামত মেলেনি। ওই তেল বিমানটির কি না, এ বিষয়েও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনা তদন্তে মালয়েশিয়ার নিজস্ব বিভিন্ন সংস্থার পাশাপাশি এফবিআইসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাও মাঠে নেমেছে।