নিখোঁজ-রহস্যের কিনারা না-ও হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুসন্ধানকারীরা অলৌকিকভাবে ভারত মহাসাগরের গভীর তলদেশ থেকে মালয়েশিয়া এয়ারলাইনসের নিখোঁজ উড়োজাহাজের ‘ব্ল্যাক বক্স’ উদ্ধার করতে হয়তো সফল হতে পারেন। তবে তাঁরা বিশ্বে বিমান পরিচালনাশিল্পের ইতিহাসে অন্যতম বড় এই রহস্যের কিনারা করতে পারবেন বলে হয় না।
যাত্রীবাহী বোয়িং উড়োজাহাজটির হদিস মেলাতে বিভিন্ন দেশের উড়োজাহাজ, জাহাজসহ বিভিন্ন সরঞ্জাম একযোগে কাজ করে যাচ্ছে। তবে উড়োজাহাজটির ব্ল্যাক বক্সের অবস্থান শনাক্ত করতে বিরাট চ্যালেঞ্জের মুখে পড়ছে তারা। ৮ মার্চ কুয়ালালামপুর থেকে চীনের বেইজিংয়ের উদ্দেশে উড্ডয়নের পর উড়োজাহাজটি কীভাবে উধাও হয়ে গেল, সেই কারণ বের করার জন্য ওই ব্ল্যাক বক্সের গুরুত্ব অপরিসীম।
তবে বিশেষজ্ঞরা বলছেন, উড়োজাহাজটির ডেটা রেকর্ডার (তথ্য ধারকযন্ত্র) ও ককপিটের ভয়েস রেকর্ডার (শব্দ ধারকযন্ত্র) উদ্ধার করা গেলেও কীভাবে ফ্লাইটটি নির্ধারিত পথে না গিয়ে এক ঘণ্টার বেশি সময় ধরে দক্ষিণে উড়ে গিয়ে ভারত মহাসাগরে পড়েছে, সেই প্রশ্নের উত্তর না-ও মিলতে পারে।
যুক্তরাষ্ট্রভিত্তিক বিমান পরিচালনা-সংক্রান্ত পরামর্শক প্রতিষ্ঠান লিহাম বলেছে, ডেটা রেকর্ডার উড়োজাহাজের গতিপথ এবং ফ্লাইটের সময়কাল সম্পর্কে অন্যান্য যান্ত্রিক তথ্য দেয়। তাই গুরুত্বপূর্ণ সব তথ্য দেওয়ার কথা এই যন্ত্রটিরই। তবে ককপিটের ভয়েস রেকর্ডার কেবল বিমান ধ্বংস হওয়ার আগের দুই ঘণ্টার তথ্য ধারণ করে রাখতে সক্ষম। এর অর্থ হচ্ছে, উড়োজাহাজটি মালয়েশিয়া ও ভিয়েতনামের মাঝামাঝি এলাকায় থাকার সময়ের তথ্য আর পাওয়া যাবে না। অথচ ওই সময়ই উড়োজাহাজটির গতিপথ পরিবর্তন করার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে, যা রহস্য উদ্ঘাটনের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
লিহাম বলছে, ‘পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে, থাইল্যান্ড উপসাগরের ওপর থাকার সময় কী ঘটেছে, সে তথ্য আর পাওয়া যাবে না। কারণ, এমএইচ-৩৭০-এর শেষ সময়ের তথ্য ওই তথ্যগুলোকে মুছে ফেলেছে।’
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক গত সোমবার জানান, ২৩৯ আরোহী নিয়ে ফ্লাইট এমএইচ-৩৭০ ভারত মহাসাগরে ডুবে গেছে। স্যাটেলাইটের মাধ্যমে পাওয়া নতুন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে উপনীত হওয়া গেছে বলে তিনি জানান। তবে উড়োজাহাজটি ঠিক কোন স্থানে পড়েছে বা এটি গতিপথ পাল্টে ভারত মহাসাগরের দিকে কেন গেল, সেসব বিষয় এখনো রহস্য হিসেবেই রয়ে গেছে। এএফপি।