নিখোঁজদের হাজিরে পাকিস্তান সুপ্রিম কোর্টের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানে সরকারি বাহিনীর হাতে কথিত গুমসহ বিভিন্নভাবে ‘নিখোঁজ’ ৩৫ ব্যক্তিকে এক সপ্তাহের মধ্যে আদালতে হাজির করতে সরকারের প্রতি নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। বিদায়ী প্রধান বিচারপতি ইফতিখার মোহাম্মদ চৌধুরীর নেতৃত্বে গঠিত তিন সদস্যের বেঞ্চ গত মঙ্গলবার এ নির্দেশ দেন।
আদালত বলেন, লক্ষ্মী মারওয়াত বন্দিশিবির থেকে সেনা কর্তৃপক্ষ ৩৫ ব্যক্তিকে নিয়ে যায়। তাঁদের মধ্যে মাত্র সাতজনকে আদালতে হাজির করা হয়েছে। অন্যরা কোথায় কীভাবে আছেন তা কেবল সেনা কর্তৃপক্ষই জানে। আগামী সাত দিনের মধ্যে তাঁদের বিষয়ে তথ্য জানাতে কেন্দ্রীয় প্রধানমন্ত্রী, খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী ও গভর্নরকে নির্দেশ দেন আদালত।
প্রধান বিচারপতি সুস্পষ্টভাবে বলেন, ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই), মিলিটারি ইন্টেলিজেন্স (এমআই), ইন্টেলিজেন্স ব্যুরো, ফ্রন্টিয়ার কোরসহ কোনো গোয়েন্দা বা নিরাপত্তা সংস্থা স্বজনদের না জানিয়ে কোনো ব্যক্তিকে দীর্ঘদিন আটক রাখতে পারে না।
আদালত অবমাননার নোটিশ: নিখোঁজ ব্যক্তিদের হাজির করা-সংক্রান্ত শুনানিতে হাজির না হওয়ায় ফ্রন্টিয়ার কোরের মহাপরিদর্শক মেজর জেনারেল ইজাজ শহিদের প্রতি আদালত অবমাননার নোটিশ জারি করেছেন সুপ্রিম কোর্ট। ডন।