মালয়েশিয়ার নিখোঁজ উড়োজাহাজ যতক্ষণ আকাশে ছিল, ততক্ষণ অক্ষতই ছিল৷ যোগাযোগবিচ্ছিন্ন হওয়ার কয়েক ঘণ্টা পরও সেটি ছিল নিয়ন্ত্রিত ফ্লাইট৷ জ্বালানি ফুরিয়ে যাওয়ার আগ পর্যন্ত উড়োজাহাজটি দক্ষিণ ভারত মহাসাগরের ওপরে উড়েছে৷ তদন্ত শেষে এমনই তথ্য জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। খবর নিউইয়র্ক টাইমসের৷
২৩৯ জন আরোহী নিয়ে গত ৮ মার্চ নিখোঁজ হয় মালয়েশিয়া এয়ারলাইনসের চীনের বেইজিংগামী ফ্লাইট ৩৭০৷ সাড়ে তিন মাসের বেশি সময় পার হলেও ওই রহস্যের কিনারা আজও হয়নি৷ এমন প্রেক্ষাপটে তদন্তকারীদের নতুন সিদ্ধান্ত এল৷ এই সিদ্ধান্তের পরই এখন উড়োজাহাজটির সন্ধানকাজ আগের এলাকা থেকে সরিয়ে এনে ভারত মহাসাগরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কয়েক শ মাইল এলাকায় চালানো হচ্ছে৷
তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট জ্যেষ্ঠ কর্মকর্তারা বলছেন, নতুন সিদ্ধান্তের ক্ষেত্রে ভিত্তি হিসেবে মূলত দুটি বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে৷ এ দুটি হচ্ছে মালয়েশিয়ার সামরিক বাহিনীর রাডারে ধারণকৃত তথ্য-উপাত্ত পুনরায় পরীক্ষা-নিরীক্ষা এবং নিরক্ষরেখার ওপরে থাকা কৃত্রিম উপগ্রহ ইনমারস্যাটের সঙ্গে উড়োজাহাজটির বিনিময় হওয়া ইলেকট্রনিক শব্দ অধিকতর নিবিড়ভাবে বিশ্লেষণ।
এর আগে রাডারে পাওয়া উচ্চতা পরিমাপসংক্রান্ত তথ্যের ভিত্তিতে যে অনুমান করা হয়েছিল, তা ভুল ছিল বলে স্বীকার করছেন কর্মকর্তারা৷ প্রাথমিকভাবে বলা হচ্ছিল, বোয়িং ৭৭৭-২০০ মডেলের উড়োজাহাজটি তার গতিপথে ৪৫ হাজার ফুট উচ্চতায়ও উড়েছিল৷ অথচ এটির অনুমোদিত উচ্চতা ছিল সর্বোচ্চ ৪৩ হাজার ১০০ ফুট৷ পরে উড়োজাহাজটি মালয়েশিয়ার পাহাড়ি এলাকায় গিয়ে বেশ নিচে উড়তে থাকে৷ এরপর মালাক্কা প্রণালীর দিকে যাওয়ার পর সেটি ২৩ হাজার বা তার বেশি উচ্চতায় উড়ে৷
তবে মালয়েশিয়ার রাডারের এই অনুমানে প্রকৃত উচ্চতা উঠে আসেনি বলে একটি নিবিড় আন্তর্জাতিক পর্যালোচনায় দেখা গেছে৷ চলতি অনুসন্ধানকাজে সমন্বয়কের দায়িত্ব পালনকারী আঙ্গুস হস্টন বলেন, ‘উচ্চতাসংক্রান্ত প্রাথমকি রাডার তথ্য-উপাত্ত নির্ভরযোগ্য নয় বলে বিবেচনা করা হচ্ছে৷’
টেলিফোনে অস্ট্রেলীয় সামরিক বাহিনীর সাবেক এই প্রধান বার্তা সংস্থাকে আরও বলেন, উড়োজাহাজটি অনেক বেশি উচ্চতায় ওড়ার পর একেবারে নিচুতে নেমে এসেছিল বলে প্রাথমিক প্রতিবেদনে যেমনটি বলা হয়েছে, তাতে সন্দেহের অবকাশ রয়েছে৷
হস্টনের সঙ্গে একমত অস্ট্রেলিয়ার পরিবহন নিরপত্তা ব্যুরোর (এটিএসবি) প্রধান কমিশনার মার্টিন ডোনাল্ডও৷ তিনি বলেন, উড়োজাহাজটির ওড়ার উচ্চতা নিয়ে আগের তথ্য নির্ভরযোগ্য নয়৷ তবে ভারত মহাসাগরজুড়ে উড়োজাহাজটি নিয়ন্ত্রিত ফ্লাইটে ছিল কীভাবে, তা নিয়ে আলোচনা করতে অস্বীকৃতি জানান হস্টন ও ডোনাল্ড দুজনই৷ অবশ্য, তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট অন্য কর্মকর্তারা বলেছেন, হয়তো পাইলটদের একজন আত্মহত্যার উদ্দেশ্যে উড়োজাহাজটিকে চালাচ্ছিলেন৷ এমনও হতে পারে, উড়োজাহাজে আগুন লাগলেও ইঞ্জিন ও স্বয়ংক্রিয়চলন (অটোপাইলট) যন্ত্র স্বাভাবিকভাবে কাজ করছিল৷