নিখোঁজের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়া এয়ারলাইনসের উড়োজাহাজটি নিখোঁজ হওয়ার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে বলে গুঞ্জন ছড়িয়েছে। কেননা, বিমানটির পাইলট জাহারি আহমেদ শাহ বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহিমের দলের একজন সদস্য এবং তাঁর দূর সম্পর্কের আত্মীয়।
এই গুজবে আনোয়ার ইব্রাহিম চরম বিরক্ত। তিনি গতকাল মঙ্গলবার বলেন, এই অপপ্রচারের মাধ্যমে পাইলট জাহারি ও তাঁর (আনোয়ার) সুনাম ক্ষুণ্ন করা হচ্ছে।
বর্তমান পরিস্থিতিতে জাহারির পরিবারের সদস্যরা মানসিক চাপে রয়েছে। তাঁর অস্ট্রেলিয়াপ্রবাসী মেয়ে আয়শা জাহারি বলেন, তাঁর বাবাকে ঘিরে যে অপপ্রচার চালানো হচ্ছে, তাতে তাঁদের পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। জাহারির সম্পর্কে গণমাধ্যমে যা বলা হচ্ছে, তা সত্য নয়। তিনি একজন দারুণ মানুষ এবং সন্তানদের প্রতি স্নেহশীল।
তদন্তে বেরিয়ে এসেছে, উড়োজাহাজটির যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে ককপিট থেকেই। এই তথ্য প্রকাশের পর এখন অনেকে পাইলট জাহারিকে সন্তেহ করছেন।
একাধিক গণমাধ্যমে বলা হয়, আনোয়ার ইব্রাহিমের পার্টি কিয়াদিলান রাকায়াতের (পিপল’স জাস্টিস পার্টি) একজন সক্রিয় সদস্য জাহারি (৫৩)। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে তিনি উড়োজাহাজটির ক্ষতি করতে পারেন। এএফপি।