নিজ দেশে উদ্বাস্তু লিবীয়দের দুর্বিষহ জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঊষর প্রান্তরের মাঝখানে একটি তাঁবু। ভেতরে সোনালি-কালো রঙের ছোট গালিচার ওপর হাঁটু মুড়ে বসে আছেন একজন বয়স্ক নারী। তিনি ও তাঁর পরিবার এই তাঁবুতে আশ্রয় নিয়েছে। তাদের মতো আরও অনেকে আশ্রয় নিয়েছে ওই ঊষর প্রান্তরে। তাদের কাছে নেই পর্যাপ্ত খাবার ও পানি। ঘোর অনিশ্চয়তায় কাটছে তাদের দিন।৮৪ বছর বয়সী মালেজ মোহাম্মদ নামের এই নারী অতীতের কথা স্মরণ করে বলেন, ‘গাদ্দাফি আমার কাছে এসেছিলেন, আমি তাঁকে বলেছিলাম, আমরা আপনার প্রতিবেশী, কিন্তু আমরা কিছুই পাইনি।’ ২০ বছর ধরে আপনার বিপ্লব চলছে। কিন্তু আমাদের বিদ্যুৎ নেই, পানি নেই।’ মালেজ বলেন, ‘ওই সময় তিনি আমাদের চাকরি দিয়েছেন, রাস্তা করে দিয়েছেন। কিন্তু তিনি এখন উন্মাদ হয়ে গেছেন, তাঁর কুকুরেরা গ্রামে এসে হত্যাকাণ্ড শুরু করেছে। এ কারণে আমাদের বাড়ি ছেড়ে পালাতে হয়েছে।’গৃহযুদ্ধের নিষ্ঠুরতা থেকে বাঁচতে মালেজের পরিবারসহ ৩০০-এর বেশি মানুষ তাঁবু খাটিয়ে আশ্রয় নিয়েছে ওই ঊষর প্রান্তরে। নিজ দেশে উদ্বাস্তু এসব মানুষের এই দুর্বিষহ অবস্থার অবসানের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তাদের ধারণা, সংঘাত শেষ না হওয়া পর্যন্ত এই দুর্দশা কাটবে না। মালেজ বলেন, ‘এখানে পানি নেই, বিদ্যুৎ নেই। আমাদের কাছে খাবার আছে খুবই সামান্য। অনেক শিশু অসুস্থ হয়ে পড়েছে। আমরা জানি না, তাদের কোথায় নেব। এক নারী কোনো চিকিৎসা-সহায়তা ছাড়াই তাঁবুর ভেতর সন্তান প্রসব করেছেন।’বিশ্বনেতাদের দৃষ্টি যখন সামরিক অভিযান ও কূটনীতির দিকে, তখন লিবিয়ায় ভয়াবহ মানবিক সংকটের নানা চিত্র বেরিয়ে আসছে। আপাতদৃষ্টিতে মনে হচ্ছে, মানবিক সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায় সামান্যই কাজ করেছে। বিশ্বখাদ্য কর্মসূচি ত্রাণ তৎপরতা শুরু করেছে। তবে নিরাপত্তাজনিত কারণে তাদের বেশির ভাগ বিদেশি কর্মী বেনগাজিতে অবস্থান করছেন।ক্ষেপণাস্ত্র হামলা ও কয়েকজন তরুণ হতাহতের পর সাউহাতের বাসিন্দারা ভেড়া, উটসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে দ্রুত পালিয়ে যায়। মুয়াম্মার গাদ্দাফির সেনারা ওই এলাকার বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। পাম্প মেশিন লুট হওয়ায় বন্ধ হয়ে গেছে পানি সরবরাহ।আজদাবিয়া থেকে ২৫ কিলোমিটার দূরে সাউহাতের অবস্থান। মরু প্রান্তরে গড়ে তোলা তাদের আশ্রয়কেন্দ্রে পানি আছে সামান্যই। নেই খাবারের মজুদ। খাবারের জন্য মাঝেমধ্যেই গবাদিপশু জবাই করছে তারা।গোত্রপতি মোহাম্মদ আরেগেহ বলেন, ‘শুধু একটি তাঁবুতেই ৫০ জনের বেশি পুরুষকে ঘুমাতে হচ্ছে। তবু আমরা এখনই বাড়ি ফিরে যেতে চাই না। কারণ, তা এখনো নিরাপদ নয়।’ সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট।