নিজেকে নির্দোষ দাবি করেছেন স্ত্রস কান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌন নির্যাতনের অভিযোগে নিউইয়র্কে গ্রেপ্তার হওয়া আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান দমিনিক স্ত্রস কান নিজেকে নির্দোষ দাবি করেছেন। আইনি লড়াই চালিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছেন তিনি। কানের আইনজীবী বেঞ্জামিন ব্রাফম্যান গতকাল সোমবার এ তথ্য জানিয়েছেন।এ দিকে স্ত্রস কানের স্ত্রী ফ্রান্সের বিখ্যাত সাংবাদিক অ্যান সিনক্লেয়ার বলেছেন, ‘আমি এক সেকেন্ডের জন্যও আমার স্বামীর বিরুদ্ধে আনা অভিযোগ সত্য বলে বিশ্বাস করি না। তিনি নির্দোষ, এটা প্রমাণিত হবে।’ গতকাল এএফপিকে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি করেন। কান নির্দোষ প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত সবাইকে ধৈর্য ধরার এবং শোভন আচরণ করার আহ্বান জানান তিনি। ২০১২ সালে অনুষ্ঠেয় ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে পারেন দেশটির সাবেক অর্থমন্ত্রী স্ত্রস কান। তাঁর এ স্বপ্নের সমাধি রচনা করতেই কানকে ফাঁসানো হয়েছে বলেও দাবি করা হচ্ছে। প্যারিসের একজন কাউন্সিলর মিশেল সাব্বান দাবি করেন, এটা আন্তর্জাতিক ষড়যন্ত্র।স্ত্রস কান বৈজ্ঞানিক ও ফরেনসিক পরীক্ষা করাতে সম্মত হয়েছেন। ডিএনএ শনাক্ত করার উদ্দেশ্যে তাঁর ব্যবহূত কাপড়-চোপড় পরীক্ষা করা হবে। এসব পরীক্ষা ফলাফলের জন্য আজ মঙ্গলবার পর্যন্ত এ মামলার শুনানি মুলতবি রাখা হয়েছে। গত শনিবার এয়ার ফ্রান্সের একটি ফ্লাইটে করে ইউরোপের উদ্দেশে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাওয়ার প্রাক্কালে কানকে (৬২) গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে যৌন অপরাধ, অবৈধভাবে আটকে রাখা এবং ধর্ষণের চেষ্টার অভিযোগ আনা হয়েছে। ৩২ বছর বয়সের এক নারীর অভিযোগের ভিত্তিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শনিবার নিউইয়র্কের সোফিটেল হোটেলের একটি কক্ষে কান ওই হোটেলেরই ওই নারী কর্মীকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ আনা হয়েছে। গতকাল বার্লিনে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মেরকেলের সঙ্গে কানের সাক্ষাৎ করার কথা ছিল। আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবার ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর অর্থমন্ত্রীদের সভায় তাঁর অংশ নেওয়ার কথা ছিল। তিনি ব্যক্তিগত কাজে নিউইয়র্কে গিয়েছিলেন। বিবিসি ও এএফপি।