নিজেকে নিয়ে কৌতুক করলেন ওবামা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার কট্টর কিছু বিরোধী সুযোগ পেলেই বলে বসেন, ওবামা তো মুসলিম! এবার তাঁদের একহাত নিয়েছেন ওবামা। কৌতুকের ছলে তাঁদের এই সন্দেহের জবাব দিয়েছেন তিনি এভাবে, ‘ইদানীং যখন নিজেকে আয়নায় দেখি, তখন আমাকে এ কথা স্বীকার করতেই হয়, আমি আর সেই সমাজবাদী মুসলিম তরুণটি নই, যা আমি একসময় ছিলাম।’গত শনিবার এক নৈশভোজে ওবামা নিজেকে নিয়ে এই কৌতুক করেন। একই সঙ্গে তিনি বিরোধী রাজনীতিবিদ, গণমাধ্যমের হর্তাকর্তা ও নিজের স্ত্রী মিশেল ওবামার চুলের ধরন নিয়েও হাসি-তামাশা করেছেন। হোয়াইট হাউসের সংবাদ সংগ্রহকারী সাংবাদিকেরা বার্ষিক ওই নৈশভোজের আয়োজন করেন ওয়াশিংটনের একটি হোটেলের বলরুমে।অনুষ্ঠানে ওমাবা কয়েকটি ছবি দেখান অতিথিদের। এতে দেখা যায়, ওবামার চুল তাঁর স্ত্রী মিশেলের চুলের মতোই সামনের দিকে ছড়ানো। তবে মিশেলের মতো অতটা লম্বা নয়। আসলে এই ছবি বানানো হয়েছে ফটোশপের মাধ্যমে। ওবামা আরও যাঁদের নিয়ে কৌতুক করেন, তাঁদের মধ্যে আছেন কোটিপতি শেলডন অ্যাডেলসন। গত বছর ওবামার দ্বিতীয় মেয়াদের নির্বাচনের সময় তাঁর প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান দলের প্রার্থী মিট রমনির জন্য ১০ কোটি মার্কিন ডলার খরচ করেছিলেন ওই ধনকুবের। এ ছাড়া রেডিও-ব্যক্তিত্ব রাশ লিম্বাগসহ তিনটি টেলিভিশন চ্যানেল এবং রিপাবলিকান দলের কয়েকজন নেতাকে নিয়েও কৌতুক করেন ওবামা।একজন গ্রেপ্তার: সম্প্রতি ওবামাসহ একজন সিটেনর ও একজন বিচারককে চিঠিতে করে রিসিন বিষ পাঠানোর ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। শনিবার মিসিসিপি অঙ্গরাজ্য থেকে এভারেট ডাচেক নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে গোয়েন্দারা। এএফপি ও বিবিসি।