নিজের অবর্তমানে ছেলেকে পরামর্শ দিতে আহসানকে অনুরোধ জারদারির
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি তাঁর অবর্তমানে ছেলে বিলাওয়ালকে পরামর্শ দিতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আইতজাজ আহসানকে অনুরোধ করেছেন।চলতি মাসে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে চিকিৎসাধীন থাকার সময় জারদারি টেলিফোনে আইতজাজ আহসানের সঙ্গে আলাপকালে এই অনুরোধ জানান। পাকিস্তানের শীর্ষ সেনা ও গোয়েন্দা কর্মকর্তাদের সরিয়ে দিতে মার্কিন সহায়তা চেয়ে প্রেসিডেন্ট জারদারির ‘গোপন চিঠি’ কেলেঙ্কারির জের ধরে সরকার ও সামরিক বাহিনী মুখোমুখি অবস্থানে রয়েছে। সেনাবাহিনী দেশটির ক্ষমতা নিচ্ছে বলেও গুজব রটে। সব মিলিয়ে প্রেসিডেন্ট জারদারি বেশ চাপের মধ্যে রয়েছেন। এই পরিস্থিতিতে ৬ ডিসেম্বর দুবাই যান প্রেসিডেন্ট জারদারি। সেখানে তাঁকে একটি হাসপাতালে ভর্তি করা হয়। জারদারি দুবাই থেকে দীর্ঘ সময় টেলিফোনে আইতজাজ আহসানের সঙ্গে কথা বলেন। এ সময় জারদারি ক্যামব্রিজে পড়াশোনা করা আইনজীবী ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আহসানকে অনুরোধ করেন, ‘তাঁর কিছু হয়ে গেলে’ তিনি যেন বিলাওয়ালকে পরামর্শ দেন। ২৩ বছর বয়সী বিলাওয়াল পিপিপির চেয়ারম্যান পদে রয়েছেন।দুবাইয়ে চিকিৎসা শেষে ১৯ ডিসেম্বর দেশে ফেরেন পিপিপির কো-চেয়ারম্যানের দায়িত্বে থাকা প্রেসিডেন্ট জারদারি।এদিকে দেশটির ক্ষমতাসীন দল পাকিস্তান পিপলস পার্টির স্পষ্টবাদী নেতা বলে পরিচিত আইতজাজ আহসানকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে বলে খবর বেরিয়েছে। বিলাওয়ালকে পরামর্শ দিতে আহসানকে অনুরোধ এবং স্ত্রী বেনজির ভুট্টো হত্যার চতুর্থ বার্ষিকীর সমাবেশে তাঁকে সমাপনী বক্তব্য দেওয়ার আমন্ত্রণ জানিয়ে জারদারি যেন সেই খবরকে আরও ভিত্তি দিলেন। পিটিআই অনলাইন।