নিজের অর্থে দলের জন্য বাড়ি কিনলেন জারদারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি লাহোরে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) পাঞ্জাব ইউনিটের জন্য একটি বাড়ি কিনেছেন। এ জন্য তিনি নিজের পকেট থেকে খরচ করেছেন পাঁচ কোটি রুপি। আজ বৃহস্পতিবার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পাঞ্জাবে গত বছর সাধারণ নির্বাচনে পরাজিত হওয়ার পর থেকে পিপিপি আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। নির্বাচনের আগে মডেল টাউনে এই কার্যালয় ভাড়া নেয় দলটি। দুই মাস ধরে ভাড়া দিতে না পারায় তাদের বাড়ি ছাড়তে নোটিশ দেওয়া হয়। শুধু যে ভাড়া দিতে পারছে না তা নয়, তারা কার্যালয়ে নিয়োজিত কর্মীদের বেতনও দিতে পারছে না। একই অবস্থা ফয়সাল টাউন কার্যালয়েরও।

বিষয়টি দলের সহসভাপতি জারদারির নজরে আনা হলে তিনি দলের ফান্ডে অনুদান দেন এবং দলের জন্য মডেল টাউনের কার্যালয়টি কিনে দেন। দলের একজন জ্যেষ্ঠ নেতা জানান, জারদারি লাহোরে এ কার্যালয়টি ক্রয় করতে নিজের পকেট থেকে পাঁচ কোটি রুপি খরচ করেছেন।

মজার বিষয়, পিপিপির নতুন দপ্তরটি পাকিস্তান মুসলিম লীগের (নওয়াজ শরিফ) সদর দপ্তরের পাশেই অবস্থিত।