নিজের আসনে প্রচারণা চালালেন সু চি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি যে আসনে উপনির্বাচনে অংশ নিচ্ছেন, গতকাল শনিবার সেখানে প্রচারণা চালিয়েছেন। আগামী এপ্রিলে অনুষ্ঠেয় উপনির্বাচন সামনে রেখে সু চি ইতিমধ্যে দুবার প্রচারণায় নামলেও ইয়াঙ্গুনের বাইরে নিজ নির্বাচনী এলাকা কাউহামুতে এই প্রথম গেলেন।সু চির কাউহামু যাওয়ার পথে তাঁর উৎফুল্ল সমর্থকেরা রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিলেন। এ সময় তাঁরা সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) পতাকা ওড়ান। তাঁদের হাতে ছিল সু চি এবং মিয়ানমারের স্বাধীনতার নায়ক তাঁর বাবা অং সানের ছবি।উপনির্বাচন হতে যাওয়া ৪৮টি আসনে জয় পেলেও এনএলডি সেনা-সমর্থিত সরকারের প্রতি কোনো হুমকি হতে পারবে না। কিন্তু এটাই সু চির প্রথমবারের মতো দেশের কোনো নির্বাচনে সরাসরি অংশ নেওয়া বলে এর প্রতীকী গুরুত্ব অনেক। ক্ষমতাসীন দলের কয়েকজন এমপি মন্ত্রী ও উপমন্ত্রী হয়ে যাওয়ায় ওই ৪৮টি আসন শূন্য হয়। এনএলডি ১৯৯০ সালের নির্বাচনে ব্যাপক জয় পাওয়ার পরও জান্তা সরকার সু চির দলের কাছে ক্ষমতা হস্তান্তর করেনি। ওই সময় সু চি গৃহবন্দী ছিলেন। তবে এর পরও এনএলডির প্রচারণার কেন্দ্রে ছিলেন তিনিই।শুক্রবার বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে সু চি বলেন, ‘আশা করি, নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে। এ পর্যন্ত কিছু সমস্যা হয়েছে; তবে আশা করি, সময়মতো এগুলোর সমাধান হয়ে যাবে।’ এএফপি।