নিজের করা চুক্তির বিরোধিতা অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রীর

অস্ট্রেলিয়ার বর্তমান ম্যালকম টার্নবুল সরকারের বিদ্যুৎ উৎপাদন ও বণ্টনের নতুন নীতিমালা বাস্তবায়ন সরাসরি ধাক্কার মুখোমুখি এখন। আর এ ধাক্কা এসেছে নিজ দল থেকেই। দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও সরকারি দল লিবারেল পার্টির অন্যতম নেতা টনি অ্যাবট সরকারের এ নতুন পরিকল্পনাকে মারাত্মক ভুল হিসেবে বর্ণনা করে চুক্তি প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছেন। অস্ট্রেলিয়ার জাতীয় সংসদের নতুন অধিবেশনের প্রথম দিনে সরকারের প্রস্তাবিত ‘ন্যাশনাল এনার্জি গ্যারান্টি’ (এনইজি) নীতিমালার বিল নিয়ে আলোচনা হয়। আর সেখানেই নিজ দলের সরকারের গৃহীত সিদ্ধান্তের বিরোধিতা করেন টনি অ্যাবট।
বিদ্যুৎ উৎপাদনে কয়লার অধিক ব্যবহার ভয়াবহ ক্ষতিকর প্রভাব ফেলছে পরিবেশে। এতে নির্গত কার্বনে ফলাফলে জলবায়ুর বিপদমুখী পরিবর্তন ঘটছে। আর তাই দেশে দেশে জ্বালানি হিসেবে কয়লার ব্যবহার কমাতে ২০১৫ সালে প্যারিসে বিভিন্ন দেশ একটি চুক্তি করে। চুক্তির প্রধান শর্ত ছিল নিজ দেশে কয়লার ব্যবহার কমানো। অস্ট্রেলিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী টনি অ্যাবট সেই চুক্তি স্বাক্ষরও করেন। তবে বর্তমান টার্নবুল সরকার যখন ওই চুক্তির শর্ত বাস্তবায়নে পদক্ষেপ নিয়েছেন ঠিক তখনই এর বিরোধিতা করছেন অ্যাবট। অস্ট্রেলিয়ায় কয়লার ব্যবহারের নতুন নীতিমালা এনইজির লক্ষ্য হলো ২০৩০ সালের মধ্যে দেশটির কার্বন নিঃসরণ ২৬ শতাংশ কমিয়ে আনা। এ ছাড়া প্রাকৃতিক শক্তির ব্যবহার বৃদ্ধি ও বিদ্যুতের দামও কমিয়ে আনা হবে এ নীতিমালার মাধ্যমে।
সরকারের নীতিমালার সঙ্গে একাত্ম প্রকাশ করেছে দেশটির বেশির ভাগ বিদ্যুৎ ও শক্তি সংস্থা এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান। তবে অ্যাবটের দাবি এ নীতিমালার পক্ষে নয় অস্ট্রেলিয়ার বেশির ভাগ নাগরিক। আর তাই অ্যাবট নিজেরই করা চুক্তির বিপক্ষে অবস্থান করছেন। তিনি বলেন, ‘ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো নিজেরদের স্বার্থে এ নীতিমালা সমর্থন করছে। অ্যাবটকে উদ্দেশ্য করে বর্তমান প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল সংসদে বলেন, নীতিমালা নিয়ন্ত্রণে মতাদর্শ আর বোকামি একসঙ্গে অনুসরণ করা যায় না। উত্তরে এক সাক্ষাৎকারে অ্যাবট বলেন, ‘বোকামি সেটাই যেখানে একই কাজ করে ভিন্ন ফলাফল আশা করা’। অন্যান্য দেশের সঙ্গে অস্ট্রেলিয়ার তাল মিলিয়ে চলাকে বোকামি হিসেবে উল্লেখ করেন অ্যাবট। কার্বনের ব্যবহার কমানোর বিরোধিতা না করে অ্যাবট সরকারের পরিকল্পনার বিরোধিতা করে বলেন, ‘অস্ট্রেলিয়ায় এমনিতেই বিদ্যুতের দাম বাড়ছে আর সহজলভ্যতা কমছে। সেখানে বিদ্যুতের উৎপাদন বাড়াতে হবে আরও বেশি করে’। সরকারের কার্বনের ওপর কর বাড়ানোরও প্রতিবাদ করেন অ্যাবট। বলেন, ‘এটা দুঃখজনক, যে সরকার ক্ষমতায় এসেছে বিরোধী দলের কার্বন ট্যাক্স কমানোর অঙ্গীকার করে, সে সরকার এখন নিজস্ব কার্বন ট্যাক্স তৈরি করছে’। তিনি তাঁর মতামতের অন্তর্নিহিত অর্থ বোঝাতে ২০০১ সালের তৎকালীন প্রধানমন্ত্রী জন হাওয়ার্ডের একটি কথা স্মরণ করে বলেন, ‘তিনি বলেছিলেন, এ দেশে কে আসবে এবং এতে কী পরিস্থিতি তৈরি হবে তা আমরা নির্ধারণ করব।’ হাওয়ার্ড সে সময় জাহাজে করে অস্ট্রেলিয়ায় অনুপ্রবেশ করা শরণার্থীদের উদ্দেশ্যে এ কথা বলেছিলেন।