নিজের তৈরি গোয়েন্দা উপগ্রহ উৎক্ষেপণ করেছে ভারত
ভারত গতকাল বৃহস্পতিবার এই প্রথম নিজের তৈরি গোয়েন্দা স্যাটেলাইট (কৃত্রিম উপগ্রহ) সফলভাবে উৎক্ষেপণ করেছে। উৎক্ষেপণ করা এই স্যাটেলাইটের মাধ্যমে দুর্যোগের পূর্বাভাসসহ বিভিন্ন তথ্য পাওয়া যাবে। প্রতিরক্ষা কার্যক্রমেও এটি ব্যবহার করা যাবে।রাডার ইমেজিং স্যাটেলাইট (রিস্যাট-১) নামের এই গোয়েন্দা স্যাটেলাইট গতকাল স্থানীয় সময় ভোর পাঁচটা ৪৭ মিনিটে উৎক্ষেপণ করা হয়। ১৮ মিনিট পর এটি সফলভাবে পৃথিবীর কক্ষপথে পৌঁছায়। অন্ধ্র প্রদেশ রাজ্যের শ্রীহরিকোটায় অবস্থিত স্যাটেলাইট উৎক্ষেপণকেন্দ্র থেকে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যাল সি ১৯ (পিএসএলভি-সি ১৯) রকেটের মাধ্যমে এটি উৎক্ষেপণ করা হয়। এই স্যাটেলাইট পাঁচ বছর কার্যকর থাকবে। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (আইএসআরও) ১০ বছর ধরে কাজ করে এটি তৈরি করেছে।ভারতের মহাকাশ বিজ্ঞানীরা আইএসআরওর নিয়ন্ত্রণ কক্ষ থেকে কম্পিউটার স্ক্রিনে রিস্যাট-১-এর উৎক্ষেপণ দেখেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আইএসআরও রকেট পিএসএলভি-সি ১৯-এর মাধ্যমে এবারই প্রথম এত ভারী স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। রিস্যাট-১-এর ওজন ছিল এক হাজার ৮৫৮ কেজি। ১৯৯৩ সাল থেকে ভারত এই রকেট ব্যবহার করে স্যাটেলাইট উৎক্ষেপণ করছে। এই রকেটের মাধ্যমে এ পর্যন্ত ৫৩টি স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করা সম্ভব হয়েছে। আইএসআরওর চেয়ারম্যান কে রাধাকৃষ্ণণ বলেন, ‘এই স্যাটেলাইট উৎক্ষেপণ আমাদের বড় ধরনের সাফল্য। ভারত নিজেদের তৈরি স্যাটেলাইট পৃথিবীর কক্ষপথে পাঠাতে সক্ষম হয়েছে। তবে তিনি রিস্যাট-১ কে গোয়েন্দা স্যাটেলাইট বলতে নারাজ। তাঁর মতে, এটি গোয়েন্দা স্যাটেলাইট নয়, তবে সব সময় পর্যবেক্ষণে সক্ষম।আইএসআরওর চেয়ারম্যান বলেন, এর মাধ্যমে দুর্যোগের এক ঘণ্টার মধ্যে বন্যা ও ফসলি জমির এলাকা সম্পর্কে তথ্য জানা যাবে। মাটির আর্দ্রতা, বনভূমির নবায়নযোগ্য জ্বালানির উৎস, প্রবাল প্রাচীর ও ভূতাত্ত্বিক নানা পরীক্ষা করাও সম্ভব হবে।রিস্যাট-১ প্রকল্পে ভারতের ব্যয় হয়েছে ৫০০ কোটি রুপি। রিস্যাট-১-এর আগেই অবশ্য রিস্যাট-২ নামের একটি গোয়েন্দা উপগ্রহ সফলভাবে উৎক্ষেপণ করে। ইসরায়েলের কাছ থেকে ভারত এই উপগ্রহ পেয়েছিল। ২০০৯ সালে এটি উৎক্ষেপণ করা হয়। তবে রিস্যাট-১ হলো ভারতের নিজের তৈরি গোয়েন্দা উপগ্রহ, যা তারা সফলভাবে উৎক্ষেপণ করতে সক্ষম হলো। টাইমস অব ইন্ডিয়া।