নিজের দল ও বিরোধীদের সমর্থন পাচ্ছেন গিলানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের জাতীয় পরিষদে নিজের দল ও বেশ কয়েকজন বিরোধী নেতা প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন। সুপ্রিম কোর্টে অভিযুক্ত হওয়ার কয়েক ঘণ্টা পর এই সমর্থনকে তাঁর নৈতিক জয় বলে মনে করা হচ্ছে। প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির বিরুদ্ধে দুর্নীতির মামলা চালু না করায় গত সোমবার সুপ্রিম কোর্ট আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী গিলানিকে অভিযুক্ত করেন। এর কয়েক ঘণ্টা পর গিলানি পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে যান।প্রশ্নোত্তর পর্বের শুরুর দিকে জাতীয় পরিষদে ঢোকেন গিলানি। এ সময় ক্ষমতাসীন ও বিরোধী দলের অনেক পার্লামেন্ট সদস্য এগিয়ে এসে তাঁর সঙ্গে করমর্দন করেন। প্রেসিডেন্ট জারদারির বিরুদ্ধে দুর্নীতির মামলা চালু না করায় গিলানির অবস্থান ও আইনি লড়াই চালিয়ে যাওয়াকে সমর্থন দেন তাঁরা।বিরোধী দলের প্রথম নেতা হিসেবে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি-শেরপা) প্রধান আফতাব আহমেদ খান প্রধানমন্ত্রী গিলানির দিকে এগিয়ে যান। গিলানির সঙ্গে করমর্দন ও কথা বলেন তিনি। পরে জানান, তিনি প্রধানমন্ত্রীর অবস্থানকে সমর্থন করেন। এরপর প্রধান বিরোধী দল পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন) কয়েক নারী এমপিসহ বিরোধী দলের বেশ কয়েকজন এমপি প্রধানমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করে তাঁর সঙ্গে সংহতি প্রকাশ করেন।জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার ফয়সাল করিম প্রধানমন্ত্রীর প্রতি সমর্থন জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী গিলানি দুবার সুপ্রিম কোর্টে হাজির হন। এর অর্থ হলো, তিনি আদালত ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল।প্রধানমন্ত্রী গিলানি পার্লামেন্ট ভবনে ঢোকার পর সেখানে ঢোকেন জাতীয় পরিষদের বিরোধী দলের নেতা ও পিএমএলের (এন) নেতা চৌধুরী নিসার আলী খান। তিনি অবশ্য প্রধানমন্ত্রী গিলানির কাছে যাননি বা কথা বলেননি। গিলানি বেরিয়ে যাওয়ার পর নিজের উত্থাপিত প্রস্তাবের পক্ষে ক্ষমতাসীন দলের এমপিদের সমর্থন চান নিসার আলী। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে মানবাধিকার লঙ্ঘনের বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে শুনানির প্রতিক্রিয়ায় নিসার আলী খান এ প্রস্তাব তোলেন।পাকিস্তান পিপলস পার্টির নেতৃত্বাধীন সরকার দেশটির সংবিধানের ২০তম সংশোধনীর জন্য বিরোধী দলের সমর্থন পাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। প্রায় দুই সপ্তাহ ধরে সংবিধান সংশোধনী বিল নিয়ে আলোচনা হচ্ছে। তবে জাতীয় পরিষদের বিরোধী দলের নেতা নিসার আলী বলেন, সংবিধান সংশোধনী বিলে বিরোধী দলের সমর্থনের অর্থ বেলুচিস্তানে সবকিছু ঠিক আছে—তা নয়। কোনো কোনো এমপি বেলুচিস্তানে সেনাবাহিনী ও বেসামরিক বাহিনীর হাতে সাধারণ মানুষের নিহত হওয়ার ঘটনা অস্বীকার করে সেনাপ্রধান জেনারেল আশফাক পারভেজ কায়ানির বক্তব্য প্রত্যাখ্যান করেন। ডন নিউজ।