নিজের বাড়িতে তেলাপোকার খামার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেলাপোকার উৎপাতে বিরক্ত হননি, এমন মানুষ খুঁজে পাওয়া দুরূহ ব্যাপার৷ তবে চীনের এক নারী একটি বাড়িতে সযত্নে লালনপালন করছেন সেই বিরক্তিকর প্রাণীটিই৷ তাও আবার একটি-দুটি নয়, এক লাখের বেশি! তিনি আবার প্রাণীগুলোকে ভালোবাসেন, ‘নিজের সন্তানের মতোই’৷ খবর পিটিআইয়ের৷
ইউয়ান মেক্সিয়া নামের ওই নারী চীনের পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশের একটি ওষুধ কোম্পানির কর্মী৷ তিনি যে তেলাপোকা পুষছেন, সেগুলো বিক্রি করেন বিভিন্ন ওষুধ উৎপাদনকারী কোম্পানির কাছে৷ কিছু চীনা ওষুধ তৈরিতে এগুলো ব্যবহার করা হয়৷
৩৭ বছর বয়সী ইউয়ান হংকংয়ের সাউথ চায়না মর্নিং পোস্ট পত্রিকাকে জানান, তিনি বাস করেন আলাদা একটি বাড়িতে৷ তবে যে বাড়িটিকে তিনি তেলাপোকা প্রজননের খামারে পরিণত করেছেন, সেখানে প্রতিদিনই যান৷
ইউয়ান উৎপাদিত তেলাপোকা প্রথমে পানিতে চুবিয়ে হত্যা করেন৷ এরপর সেগুলো রোদে শুকান৷ পরে সেগুলো বিভিন্ন ওষুধ কোম্পানিকে সরবরাহ করেন৷ এক কেজির দাম ১০০ মার্কিন ডলার৷ সাউথ চায়না মর্নিং পোস্টকে ইউয়ান বলেন, ‘এসব তেলাপোকা আমার সন্তান, আমার শিশুর মতোই৷’
ব্যতিক্রমী এই প্রকল্পের জন্য এলাকায় রীতিমতো সেলিব্রিটিতে পরিণত হয়েছেন ইউয়ান৷