নিজের রেকর্ড ভাঙলেন আপা শেরপা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে ২১ বারের মতো উঠে নিজের রেকর্ড নিজেই ভাঙলেন নেপালের পর্বতারোহী আপা শেরপা। গতকাল বুধবার এভারেস্টের শীর্ষে পৌঁছান তিনি।অভিযানের সংগঠক প্রতিষ্ঠান এশিয়ান ট্রেকিংয়ের চেয়ারম্যান অ্যাং টিশেরিং শেরপা বলেন, আপা শেরপাসহ পাঁচজন পর্বতারোহী চার দিন আগে রাত ১০টার দিকে এভারেস্টের শীর্ষে পৌঁছাতে অভিযান শুরু করেন। বুধবার সকালে তাঁরা সবাই সফলভাবে শীর্ষে পৌঁছাতে সক্ষম হন। তিনি আরও বলেন, এই অভিযানের জন্য আবহাওয়াও অনুকূল ছিল, খুব বেশি বাতাসও ছিল না।আপা শেরপা ১৯৯০ সালে প্রথমবারের মতো এভারেস্টের শীর্ষে ওঠেন। গতবার ২০তম এবং গত বুধবার ২১ বারের মতো সর্বোচ্চ ওই শৃঙ্গে উঠতে সক্ষম হন তিনি। আপা শেরপা গতবারের অভিযান থেকে ফিরে জানান, তাপমাত্রা বেড়ে যাওয়ায় এভারেস্টের চূড়ায় ওঠার রাস্তায় কিছুটা পরিবর্তন এসেছে। ফলে এখন অভিযান আগের চেয়ে আরও বিপজ্জনক হয়ে উঠেছে।১৯৫৩ সালে এডমুন্ড হিলারি ও তেনজিং নোরগে প্রথম আট হাজার ৮৪৮ মিটার উচ্চতার এভারেস্ট শৃঙ্গ জয় করেন। এরপর প্রায় তিন হাজার পর্বতারোহী সেখানে পৌঁছাতে সক্ষম হন। আর এবার সবচেয়ে বেশিবার পর্বতের এই শৃঙ্গ জয়ের রেকর্ড গড়লেন ৫১ বছর বয়সী আপা শেরপা। নেপালে তাঁর নাম দেওয়া হয়েছে সুপার শেরপা। এএফপি।