নিতিন গড়কারির পদত্যাগের দাবি
বিজেপির প্রেসিডেন্ট নিতিন গড়কারি গতকাল শনিবার নতুন করে দলটির জাতীয় নির্বাহী সদস্য জগদীশ শেত্তিগরের আক্রমণের মুখে পড়েছেন। শেত্তিগর দাবি করেছেন, নিতিনের পুরতি গ্রুপের জন্য তহবিল সংগ্রহের ঘটনায় দলের শীর্ষ পদ থেকে তাঁর পদত্যাগ করা উচিত। শেত্তিগর বলেন, ‘নিতিন গড়কারি একজন আরএসএস কর্মী। আরএসএসের ধর্ম (নীতি) হচ্ছে প্রথমে দেশের স্বার্থ রক্ষা করা ও পরে সংগঠনের স্বার্থ রক্ষা করা। কাজেই আমি নিশ্চিত সর্বোপরি দেশ ও সংগঠনের স্বার্থে গড়কারি সঠিক পদক্ষেপ নেবেন। শেত্তিগর বিজেপি নেতা এল কে আদভানির উদাহরণ টেনে বলেন, হাওয়ালা মামলায় আদভানির বিরুদ্ধে অভিযোগ ওঠায় তিনি পদত্যাগ করেন। এ ছাড়া তিনি ঘোষণা দিয়েছিলেন, কোনো নির্বাচনে অংশ নেবেন না। শেত্তিগরের আগে রাজ্যসভার এমপি রাম জেঠমালানি ও তাঁর ছেলে মহেশ বলেছিলেন, শিগগিরই গড়কারির দল থেকে পদত্যাগ করা উচিত। এ ছাড়া দলের অনেক ক্ষতি হবে। শেত্তিগর জানান, তাঁর এ দাবির প্রতি দলের অন্য নেতা যশবন্ত সিং, যশবন্ত সিনহা ও শত্রুঘ্ন সিনহার সমর্থন রয়েছে। দ্য হিন্দু।