নিন্দা জানালেন ইইউ পররাষ্ট্রমন্ত্রীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউক্রেনের রাজধানী কিয়েভে বিক্ষোভকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় গতকাল সোমবার নিন্দা জানিয়েছেন ইইরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। ইইউপন্থী বিক্ষোভ দমনে বেশ কয়েকটি নিপীড়নমূলক আইন পাস করার মাধ্যমে ইউক্রেনের সরকার ভুল করেছে বলেও মন্তব্য করেন তাঁরা। ইইউর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নিতে ইইউভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা গতকাল বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে যান। সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী কার্ল বিলৎ বলেন, ‘আমাদের সামনে এমন একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে... যা খুবই প্রকট। আমি মনে করি, আমাদের প্রতিক্রিয়া দেখানো গুরুত্বপূর্ণ। বিশেষ করে কিয়েভে গত বৃহস্পতিবার যেসব নিপীড়নমূলক পদক্ষেপের সিদ্ধান্ত হয়েছে, তার বিরুদ্ধে এটা করতেই হবে।’ সোমবার মধ্যরাত পর্যন্ত কিয়েভে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভ-কারীদের সংঘর্ষ চলে। এতে কয়েক ডজন মানুষ আহত হন। এএফপি।