নিবন্ধন করে নির্বাচনী প্রচারণায় নামলেন প্রেসিডেন্ট চাভেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজ পুনর্নির্বাচিত হওয়ার লক্ষ্যে প্রচার শুরু করেছেন। আসন্ন নির্বাচনের প্রার্থী হিসেবে তিনি গত সোমবার নাম নিবন্ধন করেন। রাজধানী কারাকাসের রাস্তায় এ সময় তাঁকে হাজার হাজার সমর্থক স্বাগত জানায়।নিবন্ধন শেষে নির্বাচনী দপ্তরের সামনে সমবেত জনতার উদ্দেশে বক্তৃতা করেন প্রেসিডেন্ট চাভেজ। ক্যানসারে আক্রান্ত হওয়ার পর গত এক বছরে এই প্রথম তিনি বড় কোনো সমাবেশে যোগ দিলেন। চাভেজ বলেন, ‘রাজনীতির মাঠের একজন খেলোয়াড় হিসেবে আমি এখানে এসেছি। আসন্ন নির্বাচনের ফলাফল মেনে নেওয়ার ব্যাপারে ভেনেজুয়েলা ও সারা বিশ্বের কাছে আমি অঙ্গীকার করছি। যখন কিউবায় ছিলাম, আমার মৃত্যুর খবর জনগণের কাছে বারবার প্রচার করা হয়েছে। এই সময়ে আমরা একটি মনস্তাত্ত্বিক যুদ্ধের শিকার হয়েছি।’লাতিন আমেরিকার দেশটিতে আগামী অক্টোবরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী জোটের প্রার্থী হেনরিক ক্যাপ্রাইলসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন চাভেজ। তিনি এ নিয়ে তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিচ্ছেন। ক্যানসারে আক্রান্ত হওয়ায় এবারের নির্বাচনে তিনি অংশ নিতে পারবেন কি না, তা নিয়ে সমর্থকদের মধ্যে উদ্বেগ রয়েছে।মার্কিনবিরোধী এই নেতা গত শনিবার বলেন, কয়েক দফায় কেমোথেরাপি ও তেজস্ক্রিয় চিকিৎসা নেওয়ার পর তিনি এখন ‘বেশ সুস্থ’ এবং শিগগিরই আবার কাজ করার ব্যাপারে আশাবাদী। ৫৭ বছর বয়সী চাভেজের স্বাস্থ্যের ব্যাপারে ভেনেজুয়েলার সরকার খুব সীমিত তথ্য প্রকাশ করেছে। এএফপি ও বিবিসি।