নিমন্ত্রণ পেতে অনশন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের বিয়ে নিয়ে উন্মাদনা চলছেই। রাজকীয় এ বিয়েতে নিমন্ত্রণ পেতে মরিয়া হয়ে উঠেছেন এক মেক্সিকান তরুণী। এসতিবালিস শাভেজ নামের ওই তরুণী নিমন্ত্রণ পাওয়ার দাবিতে আট দিন ধরে অনশন করছেন। তিনি ঘোষণা দিয়েছেন, উইলিয়াম ও কেটের বিয়েতে নিমন্ত্রণ না পাওয়া পর্যন্ত তিনি কোনো কিছু মুখে তুলবেন না। টেলিগ্রাফ পত্রিকা জানিয়েছে, মেক্সিকো সিটির ব্রিটিশ দূতাবাসের সামনে তাঁবু পেতে অনশন করছেন এসতিবালিস। তিনি বলেছেন, ‘এ বিয়েতে নিমন্ত্রণ না দিয়ে তাঁরা (প্রিন্স উইলিয়াম ও কেট) কি আমাকে মেরে ফেলতে চাইছেন? এই বিয়েতে যোগ দেওয়াই আমার একমাত্র স্বপ্ন।’এসতিবালিস জানান, প্রিন্সেস ডায়ানার প্রতি তাঁর গভীর ভালোবাসাই তাঁকে অনশন করতে উদ্বুদ্ধ করেছে। তিনি বলেন, ‘আমি মনে করি, ইতিহাসে তিনি (ডায়ানা) একজন অন্যতম আকর্ষণীয় নারী। সম্ভবত একজন সেরা ও সুন্দরী নারীও।’এসতিবালিস বলেন, ‘আমার মা ডায়ানার খুবই ভক্ত ছিলেন। আমার জন্মের সময় মা মারা যান। তাই আমি প্রতিজ্ঞা করেছি, ডায়ানার ছেলের বিয়েতে আমি যোগ দেবই।’ তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এখানকার ব্রিটিশ দূতাবাস আমার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে পারত। কিন্তু তারা এ বিষয়ে কোনো পদক্ষেপই নেয়নি।’এদিকে আলোচিত এ বিয়ের অতিথিদের তালিকায় নেই ব্রিটিশ রাজপরিবারের সাবেক সদস্য ডাচেস অব ইয়র্ক সারাহ ফার্গুসন। রানি দ্বিতীয় এলিজাবেথের ছোট ছেলে প্রিন্স অ্যান্ড্রুর সাবেক স্ত্রী সারাহ ফার্গুসনের একজন মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। অরেঞ্জ অনলাইন।