নিরন্নের দ্বারে তারা খাবার নিয়ে হাজির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের কোটি কোটি মানুষ অনাহারে, অপুষ্টিতে ভুগছে। অথচ কোটি কোটি টন খাবার পচে নষ্ট হচ্ছে। অতিরিক্ত এসব খাবার ভুখা মানুষের মুখে তুলে দিতে কাজ করে যাচ্ছে বেসরকারি সংস্থা ‘ফুডব্লেসড।’

ফুডব্লেসডের স্বেচ্ছাসেবী বা ‘হাঙ্গার হিরোরা’ পচে যাওয়ার আগেই অতিরিক্ত খাবার দরিদ্রদের মধ্যে বণ্টন করে দিচ্ছেন। লেবানন, সিরিয়া ও ভারতে চলছে তাদের কর্মকাণ্ড।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (ফাও) বলছে, বিশ্বের প্রায় এক-তৃতীয়াংশ খাবার পচে নষ্ট হয়। এর পরিমাণ প্রায় ১৩০ কোটি টন। বিশ্বে ৭৯ কোটি ৩০ লাখ মানুষ পর্যাপ্ত খাবার না পেয়ে ভুগছে অপুষ্টিতে।

ভারতে ফুডব্লেসডের হয়ে কাজ করছেন ডাব্বাওয়ালারা। তাঁদের কাজ অফিসে অফিসে দুপুরের খাবার সরবরাহ করা। ফুডব্লেসড এঁদেরকেই হাঙ্গার হিরো হিসেবে কাজে লাগিয়েছে। বিয়ে বা অন্য যেকোনো অনুষ্ঠানের বেঁচে যাওয়া খাবার ডাব্বাওয়ালারা পৌঁছে দেন ঘরহারা ক্ষুধার্ত মানুষের কাছে।

মুম্বাইয়ের দক্ষিণাঞ্চলের তারদেওতে বিয়ের অনুষ্ঠান চলছিল। শতাধিক অতিথি সেখানে মজাদার খাবার খাচ্ছিলেন। কিন্তু সাদা পোশাক পরা কয়েকজন খাচ্ছিলেন না। তাঁরা অপেক্ষা করছিলেন। অতিথিদের খাওয়া শেষে বেঁচে যাওয়া বাড়তি খাবার তাঁরা ভরে নেন ডাব্বায়। দ্রুত কাছের একটি রাস্তায় চলে যান। সেখানে গৃহহীন মানুষের মাঝে সে খাবার বিলিয়ে দেন।

ডাব্বাওয়ালাদের মাধ্যমে অনাহারীদের কাছে খাবার পৌঁছে দেওয়ার এই কর্মসূচি রুটি ব্যাংক নামে পরিচিত। ছয় মাস আগে সুভাষ তালেকার এই প্রকল্প চালু করেন। সুভাষ বলেন, আশপাশের বিভিন্ন এলাকায় বিয়ে বা এ রকম অনুষ্ঠান থেকে তাঁরা অতিরিক্ত খাবার সংগ্রহ করেন। এরপর কাছের বস্তিতে সেগুলো সরবরাহ করেন।

ঋষিকেশ কদম নামের আরেক ব্যক্তি ২০ জন স্বেচ্ছাসেবী নিয়ে ‘ফুড ফর অল ক্যাম্পেইন’ কর্মসূচি পরিচালনা করেন। তিনি বলেন, মুম্বাইয়ের একেকটি বিয়েতে গড়ে প্রায় ৫০ প্যাকেট খাবার নষ্ট হয়ে যায়। অথচ ভারতের শিশুরা অনাহারে ভুগছে। দেশটিতে প্রতি চারজনে একজন শিশু অপুষ্টিতে ভুগছে। সুভাষ ও ঋষিকেশ এই বৈষম্য কমাতে চান।

ঋষিকেশ বলেন, ইন্টারনেট থেকে যে-কেউ তাঁদের নম্বর জোগাড় করতে পারেন। এরপর তাঁরা সংশ্লিষ্ট এলাকার ডাব্বাওয়ালাদের সঙ্গে যোগাযোগ করেন। রুটি ব্যাংক দ্রুত জনপ্রিয়তা পেয়েছে। অনেক বিয়ের অনুষ্ঠানেই তাঁদের ডাকা হয়।

ফুডব্লেসডের সহপ্রতিষ্ঠাতা মায়া টেরো বলেন, সিরিয়ায় শরণার্থী সংকট শুরুর পর ২০১২ সালে ফুডব্লেসড প্রতিষ্ঠিত হয়। এখন লেবাননে ১৫ লাখ সিরীয় শরণার্থী রয়েছে। লেবাননের ২৯ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করছে। ফুডব্লেসড সপ্তাহে ৪০০ জনের মুখে খাবার তুলে দেয়। অর্থাৎ, পচে নষ্ট হয়ে যাওয়া থেকে তারা শত শত টন খাবার কাজে লাগায়। ফুডব্লেসডের ৯০০ স্বেচ্ছাসেবী সুপারমার্কেট ও রেস্তোরাঁ থেকে খাবার সংগ্রহ করেন।