নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর চান কায়ানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল আশরাফ পারভেজ কায়ানি বলেছেন, সুষ্ঠুভাবে দেশটির ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে একটি অবাধ, নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচনের প্রতি তাঁর সমর্থন রয়েছে। পাকিস্তানের প্রভাবশালী একটি দৈনিকে গতকাল প্রকাশিত একটি কলামে এই দাবি করেছেন দেশটির বিশিষ্ট কলাম লেখক ইরফান সিদ্দিকী। ইরফান সিদ্দিকী তাঁর কলামে বলেন, জেনারেল কায়ানি গত শনিবার সাংবাদিকদের সঙ্গে এক সংলাপে জানিয়েছেন, স্বচ্ছ ও অবাধ নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের সহযোগিতা দেওয়ার বিষয়ে তিনি প্রধান নির্বাচন কমিশনারকে নিশ্চিত করেছেন।সামরিক বাহিনীর প্রধান আরও জানান, নির্বাচনের মাধ্যমে যোগ্য কিংবা অযোগ্য যে ধরনের সরকারই ক্ষমতায় আসুক, সেটি জনগণের ব্যাপার, সামরিক বাহিনীর তা নিয়ে কোনো মাথাব্যথা নেই। তিনি বলেন, নির্বাচিত সরকারকে পাঁচ বছর ধরে সামরিক বাহিনী সংবিধান অনুযায়ী সহায়তা করে যাচ্ছে। সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পক্ষে তিনি। জেনারেল কায়ানি বলেন, পাকিস্তানে অবাধ, নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন একটি স্বপ্ন এবং তিনি আশাবাদী, খুব শিগগির তা বাস্তবায়িত হবে। উল্লেখ্য, সামরিক বাহিনীর প্রতি কলাম লেখক ইরফান সিদ্দিকীর বিশেষ দুর্বলতা রয়েছে বলে ধারণা করা হয়। ডন।