নিরপেক্ষতা বজায় রাখতে ব্রাহিমির প্রতি আহ্বান
সিরিয়ার সরকারবিরোধী প্রধান জোট ন্যাশনাল কোয়ালিশন ‘দৃঢ় নিরপেক্ষতা বজায় রাখতে’ জাতিসংঘ ও আরব লিগের দূত লাখদার ব্রাহিমির প্রতি আহ্বান জানিয়েছে।
এদিকে সিরিয়ায় পৃথক বোমা হামলায় গোয়েন্দা কর্মকর্তাসহ অন্তত ১৬ জন প্রাণ হারিয়েছেন।
সিরিয়া সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগের অংশ হিসেবে যুদ্ধপীড়িত দেশটির সরকার ও বিরোধীদের অংশগ্রহণে চলতি মাসেই জেনেভা শান্তি সম্মেলন হওয়ার কথা ছিল। পরে তা পিছিয়ে দেওয়া হয়। সম্মেলন পিছিয়ে যাওয়ার একটি কারণ হিসেবে সিরিয়ার সরকারবিরোধীদের ‘আস্থাশীল প্রতিনিধি দলের’ অভাবের কথা উল্লেখ করেন ব্রাহিমি। এ কারণে ব্রাহিমির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী জোট ন্যাশনাল কোয়ালিশন।
গত বুধবার ন্যাশনাল কোয়ালিশনের বিবৃতিতে বলা হয়, ‘ন্যাশনাল কোয়ালিশন এ ব্যাপারে নিশ্চিত যে জাতিসংঘ ও আরব লিগের বিশেষ দূত ব্রাহিমি সিরিয়ার জনগণের বৈধ আকাঙ্ক্ষা পূরণ ও বর্তমান দুর্দশা লাঘবে কাজ করবেন অথবা একেবারে শেষ পর্যন্ত নিরপেক্ষ অবস্থান বজায় রাখবেন।’
সিরিয়ার সরকারবিরোধীরা সম্মেলনে অংশ নেওয়ার ক্ষেত্রে প্রধান যে শর্তটি দিয়ে রেখেছে তা হলো প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পদত্যাগ। কিন্তু সরকার সেই দাবি নাকচ করে দিয়েছে।
রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভ জানিয়েছেন, সিরিয়ার সরকার ও বিরোধী পক্ষের মধ্যে তারা অনানুষ্ঠানিক আলোচনার আয়োজন করতে প্রস্তুত। এটি আনুষ্ঠানিক আলোচনার ভিত্তি হিসেবে কাজ করতে পারে।
বোমা হামলায় হতাহত: সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, বুধবার রাজধানী দামেস্কের হিজাজ স্কয়ারে বোমা হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫০ জন। এই হামলার জন্য ‘সন্ত্রাসীদের’ দায়ী করা হয়।
যুক্তরাজ্যভিত্তিক সিরীয় মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, পশ্চিমাঞ্চলীয় শহর সেইদা এলাকায় আত্মঘাতী বোমা হামলায় অন্তত আটজন গোয়েন্দা কর্মকর্তা নিহত হয়েছেন।
সাবেইন শহরের নিয়ন্ত্রণ নিল সরকারি বাহিনী: সরকারপন্থী মিলিশিয়া ও লেবাননের শিয়া হিজবুল্লাহ যোদ্ধাদের সহযোগিতায় সিরীয় সেনারা গতকাল দামেস্কের দক্ষিণে সাবেইনে শহর বিদ্রোহীদের কাছ থেকে আবার কেড়ে নিয়েছে। অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ও রাষ্ট্রীয় টেলিভিশন এ কথা জানিয়েছে। অবজারভেটরির পরিচালক রামি আবদেল বলেন, এটি হাতছাড়া হওয়ায় দক্ষিণ দামেস্কের বিদ্রোহীদের কাছে সরবরাহ পৌঁছানোর কার্যত সব পথ বন্ধ হয়ে গেল। এএফপি।