নিরস্ত্র ওসামাকে গুলি চালিয়ে হত্যা করে মার্কিন কমান্ডোরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনকে নিরস্ত্র অবস্থায় গুলি চালিয়ে হত্যা করা হয়। সাগরে সমাহিত করতে হেলিকপ্টারে করে নেওয়ার সময় মৃত ওসামার বুকের ওপর বসে থাকেন একজন মার্কিন সেনা।ওসামাকে হত্যার অভিযানে অংশ নেওয়া মার্কিন কমান্ডো বাহিনীর সদস্য ম্যাট বিসোনেট্টের লেখা নো ইজি ডে শীর্ষক প্রকাশিতব্য বইয়ের বরাত দিয়ে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এক প্রতিবেদনে এসব তথ্য জানায়।ম্যাটের লেখায় ওসামাকে হত্যার যে বর্ণনা দেওয়া হয়েছে, তার সঙ্গে মার্কিন প্রশাসনের বর্ণনার মিল নেই। এ ব্যাপারে এপির পক্ষ থেকে হোয়াইট হাউসের মুখপাত্র টমি ভিয়েটরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করেননি।আগামী ১১ সেপ্টেম্বর নাইন-ইলেভেনের ১১তম বার্ষিকীতে নো ইজি ডে প্রকাশিত হওয়ার কথা থাকলেও তা এগিয়ে আনা হয়েছে। আগামী ৪ সেপ্টেম্বর বইটি প্রকাশিত হওয়ার কথা। তবে এই লেখার একটি কপি সংগ্রহ করেছে এপি। গত বুধবার এপি জানায়, ওসামাকে হত্যার অভিযান শেষে মার্কিন প্রশাসন হত্যাকাণ্ডের যে বর্ণনা দিয়েছে তার সঙ্গে নো ইজি ডে বইয়ের বর্ণনার মিল নেই। এতে বলা হয়, মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ওসামা তাঁর শয়নকক্ষে ছিলেন। অভিযানের বিষয়টি বুঝতে পেরে ভীত হয়ে সম্ভবত অস্ত্র হাতে নিতে উদ্যত হন তিনি। এ সময় মার্কিন কমান্ডোরা তাঁকে গুলি করে হত্যা করেন।এই বর্ণনার মাধ্যমে মার্কিন প্রশাসন এটা নিশ্চিত করতে চেয়েছে, ওসামাকে নিরস্ত্র অবস্থায় গুলি করে হত্যা করা হয়নি। অস্ত্র তুলে নেওয়ার চেষ্টা করায় তাঁর ওপর গুলি চালানো হয়। কিন্তু নো ইজি ডের বরাত দিয়ে এপির প্রতিবেদনে বলা হয়, অভিযানের সময় সিঁড়ি দিয়ে ওঠার পথে লেখক একজন পথনির্দেশকের ঠিক পেছনেই ছিলেন। সিঁড়ির শেষ ধাপ থেকে পাঁচ পদক্ষেপ দূরে থাকতে তিনি গুলির শব্দ শুনতে পান। সিঁড়ি পেরিয়ে একটি কক্ষে ঢুকে দেখেন প্রায় পুরো মেঝে রক্তে ভেসে গেছে, তার মধ্যে ওসামা পড়ে আছেন। তাঁর মাথার ডান পাশে গুলি লেগে গর্তের সৃষ্টি হয়েছে। সেখান থেকে রক্ত ঝরছে। দুই নারী রক্তাক্ত ওসামাকে জড়িয়ে ধরে বিলাপ করছেন। কমান্ডোরা দুই নারীকে সরিয়ে ওসামাকে লক্ষ্য করে আরও কয়েকটি গুলি করেন। ওসামার দেহ নিশ্চল হওয়ার আগ পর্যন্ত গুলি চালানো হয়। পরে ওই কক্ষের দরজার পাশে অব্যবহূত দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে মার্কিন বাহিনী।এপির প্রতিবেদনে আরও বলা হয়, একটি ছোট্ট হেলিকপ্টারে করে ওসামার মরদেহ সাগরে সমাহিত করতে নেওয়া হয়। এ সময় একজন মার্কিন সেনা ওসামার বুকের ওপর বসে থাকেন। অথচ মার্কিন প্রশাসন জানিয়েছিল, ওসামার মরদেহ মর্যাদার সঙ্গে সমাহিত করা হয়েছে।গত বছরের ২ মে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের অদূরে অ্যাবোটাবাদের একটি বাড়িতে মার্কিন কমান্ডোদের অভিযানে ওসামা নিহত হন। এপি, বিবিসি।