নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর মারণাস্ত্রের ব্যবহার হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধিকৃত পশ্চিম তীরে নিরস্ত্র ফিলিস্তিনি বিক্ষোভকারীদের ওপর ভয়াবহ শক্তি প্রয়োগ করছে ইসরায়েলি সেনারা। নিজ দেশের আইন ভেঙে তারা ২০০৫ সাল থেকে এ পর্যন্ত পাথর নিক্ষেপকারী ৫৬ ফিলিস্তিনিকে হত্যা করেছে। গতকাল সোমবার ইসরায়েলি মানবাধিকার সংগঠন বি টি সেলেমের এক প্রতিবেদনে এ কথা উল্লেখ করা হয়।প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েলি সেনারা ব্যাপক পরিসরে ও পদ্ধতিগতভাবে ফিলিস্তিনিদের ওপর বল প্রয়োগ করে আসছে। নিজ দেশের আইন ভঙ্গ করছে তারা। অথচ সেনাদের নির্দেশনা অনুযায়ী, পাথর নিক্ষেপকারী ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি কিংবা গোলাবারুদ ছোড়া নিষিদ্ধ।গত দুই সপ্তাহে ইসরায়েলি সেনাদের গুলিতে দুজন ফিলিস্তিনি বিক্ষোভকারী নিহত হন।ইসরায়েল বিস্মিত: আর্জেন্টিনার বুয়েনস এইরেস জুইশ কেন্দ্রে ১৯৯৪ সালে হামলার ঘটনা তদন্তে স্বাধীন কমিশন গঠনে আর্জেন্টিনা ও ইরানের মধ্যে চুক্তির ঘটনায় বিস্ময় প্রকাশ করেছে ইসরায়েল। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইগাল পালমোর বলেন, ‘এ খবরে আমরা বিস্মিত। কী ঘটতে যাচ্ছে, এ বিষয়ে বিস্তারিত জানতে আমরা আর্জেন্টিনার দিকে তাকিয়ে আছি।’আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিস্টিনা কির্চনার রোববার বলেন, কমিশনে ইরান কিংবা আর্জেন্টিনার কোনো বিচারক থাকবেন না।ইহুদি কেন্দ্রটিতে ওই হামলায় ৮৫ জন নিহত হন। এতে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আসছে ইরান। এএফপি ও রয়টার্স।