নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলোকে পার্লামেন্টের নিয়ন্ত্রণে রাখার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানে সরকার এবং বিরোধী দল উভয় পক্ষের সিনেটররা নিরাপত্তা বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলোকে বেসামরিক প্রশাসন ও পার্লামেন্টের নিয়ন্ত্রণে আনার দাবি জানিয়েছেন। তাঁরা বলেছেন, অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করতে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে পার্লামেন্টের জবাবদিহির আওতায় আনা দরকার।

সিনেটে গত সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খানের দেওয়া বক্তব্যের জের ধরে তাৎক্ষণিকভাবে উত্তপ্ত আলোচনা শুরু হয়। গত শনিবার বেলুচিস্তানের দুটি সন্ত্রাসী হামলা সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বড় ধরনের নিরাপত্তা ঘাটতি’ এবং নিরাপত্তা ও আইনপ্রয়োগকারী সংস্থার মধ্যে ‘সমন্বয়হীনতার’ কারণে এই নাশকতা ঘটানো সম্ভব হয়েছে। তিনি নিরাপত্তা ঘাটতির কথা অকপটে স্বীকার করে বলেন, জিয়ারত ও মেডিকেল কমপ্লেক্সে ঢুকতে কয়েকটি তল্লাশি চৌকি পার হতে হয়। এসব চৌকি পার হয়ে বিস্ফোরক ও অস্ত্রভর্তি গাড়ি কী করে ভেতরে ঢুকেছে, তা খতিয়ে দেখা দরকার।

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর বেশ কয়েকজন সিনেটর দাবি করেন, সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তাকর্মীদের কারও কারও আঁতাত থাকতে পারে।

পিপিপির সিনেটর ফরহাতুল্লাহ বাবর স্বরাষ্ট্রমন্ত্রীকে তাঁর স্বীকারোক্তির জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, কোয়েটার ঘটনা বেসামরিক ও সামরিক কর্তৃপক্ষের সমন্বয়হীনতাকেই প্রমাণ করে। সিনেটর বাবর বলেন, বেসামরিক-সামরিক কর্তৃপক্ষের বিচ্ছিন্নতাই সমস্যার মূল কারণ। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী যদি এই দুই কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় সাধনের উদ্যোগ নেন, তাহলে পার্লামেন্ট তাঁকে সর্বাত্মক সহযোগিতা দেবে।

ফরহাতুল্লাহ বাবর মন্তব্য করেন, বেলুচিস্তানে বেসামরিক ও নিরাপত্তা কর্তৃপক্ষের মধ্যে দীর্ঘদিন সমন্বয়হীনতা থাকায় এখানে গুম ও নিখোঁজ হওয়ার বিষয়টি এখনো জটিল সমস্যা। তিনি বলেন, মানুষ নিখোঁজ হওয়ার বিষয়টিকে গুরুত্ব দিতে হলে নিরাপত্তা সংস্থাগুলোর কার্যক্রম ও অভিযানকে আইনের চৌহদ্দির ভেতরে আনতে হবে।

পিপিপির পার্লামেন্ট নেতা রাজা রব্বানি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে বোঝা যায়, নিরাপত্তা বাহিনীর কেউ কেউ সন্ত্রাসীদের হয়ে কাজ করছে। তিনি বলেন, নিরাপত্তা বাহিনীকে পার্লামেন্টারি ও বেসামরিক নিয়ন্ত্রণ ব্যবস্থায় না আনা পর্যন্ত এই সমস্যার সমাধান হবে না।

পাকিস্তান মুসলিম লিগ-কায়েদ (পিএমএল-কিউ) নেতা মুশাহিদ হুসেইন বলেন, আইএসআই, এমআই অথবা আইবির মতো সংস্থাগুলো আলাদা আলাদা দ্বীপের মতো হয়ে রয়েছে। এসব সংস্থার মধ্যে সমন্বয় থাকা দরকার। শ্রীলঙ্কার উদাহরণ তুলে ধরে তিনি বলেন, দেশটির হাতে পারমাণবিক অস্ত্র অথবা বিরাট সেনাবাহিনী নেই। যুক্তরাষ্ট্রের সহায়তাও তারা নেয়নি। কেবল রাজনৈতিক নেতাদের সদিচ্ছার জোরে তারা ভয়াবহ সন্ত্রাস দমন করতে সক্ষম হয়েছে।

জেইউআই-এফের নেতা হাফিজ হামদুল্লাহ গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা বাহিনী ‘বারবার ব্যর্থতার পরিচয় দেওয়ার পরও’ তাদের জন্য বিশাল অঙ্কের বাজেট রাখার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন। ডন।