
রানা প্লাজা ধসে হতাহত ব্যক্তিদের ক্ষতিপূরণ, জীবিত ব্যক্তিদের পুনর্বাসনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া, বাংলাদেশসহ অন্যান্য দেশেও পোশাক খাতের সংস্কারে কর্মক্ষেত্রের নিরাপত্তা এবং বাঁচার মতো মজুরি নিশ্চিত করার আহ্বান জানানোর মধ্য দিয়ে গত বৃহস্পতিবার লন্ডনে পালন করা হয় ফ্যাশন বিপ্লব দিবস।
এতে অংশ নেন মানবাধিকার সংগঠনের কর্মী, ফ্যাশন তারকা, রাজনীতিক, ছাত্রছাত্রী ও ভোক্তারা। ফ্যাশনের ক্ষেত্রে দ্রুত পরিবর্তন পোশাক খাতে বৃহৎ ব্র্যান্ডগুলোকে সাশ্রয়ী মূল্যে এবং উচ্চ মুনাফায় পোশাক তৈরির উৎস খুঁজতে উদ্বুদ্ধ করায় এ শিল্পে ঝুঁকি বাড়ছে বলে উল্লেখ করেন তাঁরা।
ওয়ার্ল্ড ফেয়ার ট্রেড ফাউন্ডেশনের আয়োজনে বাংলা টাউনে র্যাগ ফ্যাক্টরিতে এক সেমিনারে বক্তারা বৈশ্বিক ব্র্যান্ডের মালিক কোম্পানিগুলোকে তাদের পণ্য সংগ্রহের ক্ষেত্রে শ্রমিকদের নিরাপত্তা এবং ন্যূনতম মজুরি নিশ্চিত করার বিষয়গুলোকে আইনগত বাধ্যবাধকতার আওতায় আনার আহ্বান জানান। তাঁরা বলেন, রানা প্লাজা ধসের পর বিশ্বব্যাপী সৃষ্ট গণক্ষোভের কারণেই হতাহত ব্যক্তিদের ক্ষতিপূরণের জন্য তহবিল গঠন এবং বাংলাদেশের পোশাকশিল্পে নিরাপত্তা সংস্কারের উদ্যোগগুলো নেওয়া হয়েছে। কিন্তু তহবিলে যেসব কোম্পানি বা ব্র্যান্ড এখনো অংশ নেয়নি, তাদের ওপর চাপ প্রয়োগের জন্যও তাঁরা সবার প্রতি আহ্বান জানান।
সেমিনারে অংশ নেন ওয়ার অন ওয়ান্টের জন হিলারি, পিপল ট্রি ফাউন্ডেশনের সাফিয়া মিনি, ফ্যাশন সংগঠক ক্যারিন ফ্রাঙ্কলিন, বাংলাদেশ জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আমিরুল হক ও সাংবাদিক লুসি সিগেল।
বক্তারা বলেন, বাংলাদেশকে বর্জন করা সমস্যার কোনো সমাধান নয় এবং সে কারণেই বহুজাতিক কোম্পানিগুলো বাংলাদেশ ছাড়াও যেসব দেশ থেকে তৈরি পোশাক কেনে, সেসব জায়গাতেই শ্রমিকদের নিরাপত্তা এবং বেঁচে থাকার মতো মজুরি নিশ্চিত করা প্রয়োজন।
লন্ডনের প্রধান শপিং এলাকা, অক্সফোর্ড স্ট্রিটে এসব কর্মী দিনভর ‘কে আপনার পোশাক তৈরি করেছে’—বিক্রেতাদের কাছ থেকে এ প্রশ্নটির উত্তর জেনে নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য ভোক্তাদের মধ্যে প্রচারণা চালান। বিকেলে লন্ডন ফ্যাশন কলেজের একদল শিক্ষার্থী ব্যানার ও ফেস্টুন নিয়ে একটি শোভাযাত্রা করে এবং লোকজনের দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে নিজেদের পোশাক উল্টো করে পরে। শোভাযাত্রাটি আরগাইল স্ট্রিট হয়ে কার্নাবি স্ট্রিটে যায় এবং সেখানে অংশগ্রহণকারীরা শুধু অন্তর্বাস পরে উন্মুক্ত ফ্যাশন প্রদর্শনীর ক্যাটওয়াক করে।
বেলা ১১টা ৩৮ মিনিটে ব্রিটেনের বৃহত্তম ট্রেড ইউনিয়ন ইউনিসন রানা প্লাজা ধসে নিহত ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করে।
ভুল সংশোধন: গতকাল শুক্রবার প্রাইমার্কের আরও ৬০ লাখ পাউন্ড অর্থ দেওয়ার খবর প্রথম আলোয় ছাপা হয়েছিল। প্রকৃতপক্ষে এটি ঘোষিত হয় গত মার্চের তৃতীয় সপ্তাহে এবং সে সময়ই ব্রিটিশ উন্নয়ন সহায়তা প্রতিমন্ত্রী ওই ঘোষণাকে স্বাগত জানিয়েছিলেন। বৃহস্পতিবার বিষয়টি পুনরুল্লেখিত হলেও বরাদ্দটি নতুন নয়। অনিচ্ছাকৃত এ ভুলের জন্য আমরা দুঃখিত।