নিরাপত্তা নিয়ে কানাডায় উদ্বেগ
কানাডার রাজধানী অটোয়ায় পার্লামেন্ট ভবনে হামলার ঘটনার পর জনবহুল শহর টরন্টোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এদিকে, এ ঘটনার পর দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে ব্যাপক সমালোচনা চলছে।
নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে টরন্টো পিয়ারসন বিমানবন্দরে যাত্রীদের ব্যাপক তল্লাশি করা হয়েছে। এ ছাড়া সাবওয়েতে গোয়েন্দা নজরদারি এবং শপিং মলগুলোতে সিএমপি পুলিশের বিপুল উপস্থিতি দেখা গেছে।
দেশটির প্রধানমন্ত্রী স্টিফেন হারপার এক বিবৃতিতে বলেছেন, কানাডা কখনোই জঙ্গিদের সঙ্গে আপস করবে না এবং কানাডার অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
কিন্তু তাতে খুশি নন কেউ। এ ঘটনার জন্য কানাডার উদার অভিবাসন ও দুর্বল অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাকে দায়ী করেছেন অনেকে।
এদিকে, সেনাবাহিনীর প্রধান ক্রিস্টোফার কোর্ট বলেছেন, এখন থেকে সেনাসদস্যরা বাইরে উর্দি পরে যেতে পারবে না। ব্যক্তিগত কাজে ব্যারাকের বাইরে যেতে হলে তাদের সাধারণ পোশাক পরতে হবে।
কানাডার নিরাপত্তা বিশ্লেষক মিশেল শোপার্ড টরন্টো স্টারে তাঁর অভিমত ব্যক্ত করে বলেছেন, কানাডায় সম্প্রতি ৯০ জন সন্দেহভাজন জঙ্গির মধ্যে মার্টিন রোলিউ (২৫) একজন। তবুও কেন তাঁকে গ্রেপ্তার করে ছেড়ে দেওয়া হয়েছে? এঁরা সবাই সিরিয়া ও ইরাকে আইএসের হয়ে যুদ্ধ করছেন এবং নিরাপদে কানাডায় ফিরে আসছেন।
ডালহৌসি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অমর নাথ অমর সিঙ্গম বলেছেন, ২০০৬ সালে টরন্টোতে ১৮ জন জঙ্গিকে হালকা শস্তি দেওয়া হয় এবং ২০১৩ সালে ভিয়া রেল উড়িয়ে দেওয়ার ঘটনায় ওমর খাদিরের জঙ্গি সম্পৃক্ততাসহ একাধিক জঙ্গিবাদী কার্যক্রম উদঘাটনের পরও অভ্যন্তরীণ নিরাপত্তা-ব্যবস্থা জোরদার করা হয়নি। অটোয়ার পার্লামেন্ট ভবনের সামনে মানুষ নির্বিঘ্নে প্রবেশ করে ছবি তোলেন, পিকনিক করেন; কিন্তু সেখানে কোনো আর্মড পুলিশ নেই। কানাডার একজন মন্ত্রী, সাংসদ একা একাই দেহরক্ষী ছাড়া চলাফেরা করেন। সাবওয়ে শপিংমল এবং সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে অস্ত্রবিহীন নিরাপত্তারক্ষী পাহারায় থাকেন। গত এক দশকে কানাডার সেনাবাহিনী আফগানিস্তান, ইরাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে জঙ্গিবিরোধী যুদ্ধে একসঙ্গে কাজ করছে। শান্তিপ্রিয় কানাডা এখন আর এতটা নিরাপদ নয়। জঙ্গিদের ইগল-দৃষ্টি এখন কানাডার ওপর। কঠোর নিরাপত্তা ব্যবস্থাই এখন কানাডাবাসীর নিরাপত্তা দিতে পারে।