নিরাপত্তা পরিষদ কারও উদ্দেশ্যই পূরণ করতে পারছে না: ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত বলেছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামো বৈশ্বিক বাস্তবতার সঙ্গে সম্পূর্ণরূপে সংগতিহীন। সংস্থাটি কারও উদ্দেশ্যই পূরণ করতে পারছে না। ১৫ সদস্যরাষ্ট্রের সংস্থাটিতে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার স্থায়ী প্রতিনিধি থাকা উচিত।জাতিসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি হারদ্বিপ সিং পুরি এ কথা বলেছেন। গত শুক্রবার নিউইয়র্কে সাংবাদিকদের তিনি বলেন, সিরিয়ার মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ‘মেরুকরণ ও রাজনৈতিকভাবে বিভক্ত’ হয়ে পড়েছে। ফলে সংস্থাটির সংস্কারের জোরালো দাবি উঠেছে। আগামী ৩১ ডিসেম্বর নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে ভারতের দুই বছরের মেয়াদ শেষ হচ্ছে। অন্যদিকে এ মাসেই তারা নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণ করেছে।হারদ্বিপ সিং বলেন, নিরাপত্তা পরিষদের বিদ্যমান কাঠামোতে সমসাময়িক বাস্তবতার প্রতিফলন ঘটছে না। বিশ্বে যা কিছু ঘটছে, তা থেকে সম্পূর্ণভাবে লক্ষ্যচ্যুত হয়ে পড়েছে সংস্থাটি।ভারতীয় এই প্রতিনিধি নিরাপত্তা পরিষদের একটি রূপরেখা তুলে ধরেন। তিনি বলেন, নিরাপত্তা পরিষদকে কার্যকর করে তুলতে এর আকার বাড়াতে হবে। ভারতের দৃষ্টিভঙ্গি হচ্ছে, নিরাপত্তা পরিষদকে হতে হবে আরও স্বচ্ছ। তিনি বলেন, বর্তমান কাঠামোতে নিরাপত্তা পরিষদ কারও উদ্দেশ্য পূরণ করছে না। এর আকার বাড়াতে হবে। আর প্রস্তাবিত এই বর্ধিত আকারে আফ্রিকা, লাতিন আমেরিকা, এশিয়া ও ক্যারিবীয় অঞ্চলের স্থায়ী প্রতিনিধি থাকা উচিত। এর সদস্যসংখ্যা ২৫-এ উন্নীত করা যেতে পারে।নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতা প্রয়োগ প্রসঙ্গে হারদ্বিপ সিং বলেন, কোন পরিস্থিতিতে ভেটো ক্ষমতা প্রয়োগ করা যাবে, সে বিষয়ে আলোচনা করা দরকার। শর্ত জুড়ে দেওয়া উচিত এই ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে। এমনকি ভেটো ক্ষমতা প্রয়োগ থেকে বিরত রাখা নিয়েও আলোচনা হতে পারে।নিরাপত্তা পরিষদের আকার বড় হলে তাতে কিছু স্থায়ী সদস্যের অবস্থান চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে মন্তব্য করেছেন হারদ্বিপ সিং। তিনি বলেন, আকার বড় করা মানে এই নয় যে তাদের উচ্চ আসন থেকে নেমে আসা; বরং তাদের উচিত, নিরাপত্তা পরিষদের কর্মকাণ্ডে অংশ নেওয়া এবং এর কাজ ও ভাবমূর্তিতে বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনতে পারে—এমন সব দেশকে সংস্থায় অন্তর্ভুক্ত করা।পাকিস্তানের মতো দেশগুলোর স্থায়ী সদস্যপদ চাওয়া প্রসঙ্গে হারদ্বিপ সিং বলেন, দক্ষিণ এশিয়ার এই দেশটি স্থায়ী সদস্য হতে চাইলে তাদের আবেদন করা উচিত। পরে এ বিষয়ে সাধারণ পরিষদের ১৯৩টি দেশ ভোটাভুটির মাধ্যমে সিদ্ধান্ত নেবে। তিনি বলেন, সময় এসেছে এটা উপলব্ধি করার যে নিরাপত্তা পরিষদের ভেতর থেকেই এটির আকার বড় হবে না, এটি বড় হবে সাধারণ পরিষদের মাধ্যমে। হারদ্বিপ সিং বলেন, সংশ্লিষ্ট দেশগুলোর এ বিষয়ে একটা স্পষ্ট ধারণা রয়েছে—কোন কোন দেশের স্থায়ী সদস্য হওয়ার যোগ্যতা আছে আর কোনগুলোর তা নেই। যেসব দেশ স্থায়ী সদস্য হওয়ার ব্যাপারে নিজেরাই সন্দিহান, তারা নিরাপত্তা পরিষদের আকার বড় করার প্রক্রিয়াকে বিভ্রান্ত করতে কৌশলগত ষড়যন্ত্রে লিপ্ত বলে তিনি মনে করেন। টাইমস অব ইন্ডিয়া।