নিরাপত্তা পরিষদকে উদ্বেগ জানিয়ে চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ছবি: রয়টার্স
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ছবি: রয়টার্স

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস মিয়ানমারের চলমান সহিংসতায় উদ্বেগ জানিয়ে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে চিঠি দিয়েছেন। গত মঙ্গলবার তিনি নিউইয়র্কে সাংবাদিকদের বলেন, আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে বিষয়টিকে আর অগ্রাহ্য করা যায় না। ইউএন নিউজ সেন্টারে জাতিসংঘ মহাসচিবের এই বক্তব্য প্রকাশিত হয়েছে।

গুতেরেস বলেন, ‘সম্প্রতি আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি রাখাইন রাজ্যে যে হামলা চালিয়েছে, আমি তার নিন্দা করি। কিন্তু আমরা ধারাবাহিকভাবে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে সহিংসতা ও নির্বিচারে হামলা চালানোর অভিযোগ পেয়ে আসছি। রোহিঙ্গাদের, অর্থাৎ রাখাইন রাজ্যের মুসলিমদের ভেতরে ক্ষোভ দীর্ঘদিন ধরে পুঞ্জীভূত হয়ে আছে।’

জাতিসংঘ মহাসচিব রাখাইনের মুসলিমদের জাতীয়তা বা আইনি স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান। ওই অঞ্চলের নিরাপত্তা, মানবিক ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। পাশাপাশি সহিংসতার কারণে আগস্টের পর ১ লাখ ২৫ হাজার মানুষ যে এলাকা ছাড়তে বাধ্য হয়েছে, তা এই অঞ্চলে অস্থিতিশীলতা তৈরি করতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। এটা এই অঞ্চলে উগ্রবাদকে বাড়িয়ে দিতে পারে বলেও ধারণা করছেন তিনি।

গুতেরেস আন্তর্জাতিক সম্প্রদায়কে উদ্দেশ করে সহিংসতা যাতে আর না বাড়ে উদ্যোগী হয়ে একটি সামগ্রিক সমাধানের পথ খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন। মিয়ানমারের প্রতি তাঁর অনুরোধ, কর্তৃপক্ষ যেন নিরাপত্তা নিশ্চিত করে, যাদের প্রয়োজন তাদের কাছে সাহায্য পৌঁছে দেয় এবং বিপন্ন মানুষ যেন নিরাপদে জীবন রক্ষার উপকরণ সংগ্রহ করতে পারে সেই ব্যবস্থা নেয়।

একই সঙ্গে জাতিসংঘ মহাসচিব বলেন, মিয়ানমার সংকটের মূল কারণ উদ্‌ঘাটন করে কার্যকর সমাধানের উদ্যোগ এখনই নেওয়া প্রয়োজন। এ নিয়ে আর দেরি করার কোনো সুযোগ নেই। এখন রাখাইন রাজ্যের মুসলিমদের হয় জাতীয়তা অথবা এখনকার জন্য কমপক্ষে আইনগত স্বীকৃতি দেওয়া জরুরি, যেন তারা স্বাধীনভাবে চলাফেরা, শ্রমবাজারে অন্তর্ভুক্তি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগসহ স্বাভাবিক জীবন যাপন করতে সক্ষম হয়।

এদিকে জাতিসংঘের আঞ্চলিক সংস্থাগুলো আগামী তিন মাসের জন্য বাংলাদেশে আসা রোহিঙ্গা শরণার্থীদের জন্য ১৮ মিলিয়ন ইউএস ডলার সাহায্যের অনুরোধ জানিয়েছে।

চীন-রাশিয়ার সঙ্গে আলোচনা করছে মিয়ানমার

রয়টার্স জানায়, মিয়ানমার গতকাল বুধবার বলেছে, রাখাইনে সহিংসতার ঘটনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদে কোনো প্রস্তাব আনার চেষ্টা যেন চীন ও রাশিয়া আটকে দেয়, তা নিশ্চিত করার জন্য দেশ দুটির সঙ্গে তারা আলোচনা চালাচ্ছে। মিয়ানমারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থুং তুন রাজধানী নেপিডোতে সংবাদ সম্মেলনে বলেন, জাতিসংঘে কোনো প্রস্তাব এলে তা যেন আটকে দেওয়া যায়, সে জন্য নিরাপত্তা পরিষদের দুই স্থায়ী সদস্য চীন ও রাশিয়ার ওপর নির্ভর করছে মিয়ানমার।

ভয়াবহ পরিস্থিতির ওপর ইইউ নজর রাখছে

মিয়ানমারের চলমান সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বৈদেশিক নীতি-সংক্রান্ত প্রধান ফেদেরিকা মগেরিনি। গতকাল বুধবার এক বিবৃতিতে তিনি বলেন, রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলের ভয়াবহ পরিস্থিতির ওপর ইইউ নজর রাখছে।

২৫ আগস্ট মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর ওপর হামলা এবং পরবর্তী সহিংসতার নিন্দা জানিয়ে ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট মগেরিনি বলেন, দায়ীদের বিচারের মুখোমুখি করতে হবে। কিন্তু চলমান অভিযানে সম্পৃক্ত নিরাপত্তা বাহিনীর সদস্যদের দায়িত্ব হচ্ছে সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দেওয়া এবং নিরস্ত্র বেসামরিক নাগরিকদের রক্ষা করা।

চলমান উত্তেজনা প্রশমন এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য আহ্বান জানিয়ে তিনি বলেন, দীর্ঘমেয়াদি শান্তি ও স্থিতি প্রতিষ্ঠায় মিয়ানমার সরকার এবং সংশ্লিষ্ট সব অংশীজনকে সহায়তা করতে ইইউ প্রতিশ্রুতিবদ্ধ।