জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে সতর্ক করে একটি হুঁশিয়ারি বার্তা পাঠিয়েছে উত্তর কোরিয়া। গতকাল বুধবার সে দেশের সরকারি বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) এ কথা জানিয়েছে। রণতরী ডুবির ঘটনায় উত্তর কোরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে দক্ষিণ কোরিয়ার পদক্ষেপের পরিপ্রেক্ষিতে এই সতর্কবার্তা পাঠিয়েছে পিয়ংইয়ং।বার্তা সংস্থার খবরে বলা হয়, জাতিসংঘে উত্তর কোরিয়ার প্রতিনিধি সিন সোন-হোর মাধ্যমে নিরাপত্তা পরিষদের চেয়ারম্যান ক্লাউড হেলারের কাছে এই বার্তা পাঠানো হয়েছে। বার্তায় দক্ষিণ কোরিয়ার রণতরী ডোবানোর অভিযোগ প্রত্যাখ্যান করে বলা হয়, তারা মার্কিন নেতৃত্বাধীন ষড়যন্ত্রের শিকার। ওই বার্তায় আরও বলা হয়েছে, তাদের যাচাই ছাড়াই পরিষদ রণতরী ডুবির তদন্ত প্রতিবেদন আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করলে এর পরিণতি কতটা ভয়াবহ হবে তা কেউ কল্পনা করতে পারবে না।গত মাসে একটি বহুজাতিক তদন্ত দলের প্রতিবেদনে দাবি করা হয়, গত মার্চে উত্তর কোরিয়ার ডুবোজাহাজ থেকে ছোড়া টর্পেডোর আঘাতে দক্ষিণ কোরীয় যুদ্ধজাহাজ চেওনান ডুবে যায়। ওই ঘটনায় জাহাজের ৪৬ জন নাবিক নিহত হন। এর প্রতিবাদে উত্তর কোরিয়ার সঙ্গে বাণিজ্য স্থগিতসহ বেশ কিছু দমনমূলক পদক্ষেপ গ্রহণ করে দক্ষিণ কোরিয়া। এ ঘটনায় উত্তর কোরিয়াকে তিরস্কারের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রস্তাব তোলে সিউল। জবাবে ওই তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করে উত্তর কোরিয়া যুদ্ধ শুরু করার হুমকি দেয়।এই ঘটনায় সিউলের পদক্ষেপকে সমর্থন করেছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্স। কিন্তু রাশিয়া ও চীন এখনো পরিষ্কারভাবে তাদের অবস্থান জানায়নি। সংশ্লিষ্ট সব পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে চীন। রাশিয়া বলেছে তারা কোনো অবস্থান গ্রহণের আগে উত্তর কোরিয়ার দোষ সম্পর্কে শতভাগ নিশ্চিত হতে চায়। সমর্থন আদায়ের জন্য দক্ষিণ কোরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ইয়াং-উ গত সপ্তাহে যুক্তরাষ্ট্র সফর করেছেন এবং চীন সফর শেষে গতকাল তার দেশে ফেরার কথা। এএফপি।