নিরাপত্তা পরিষদে উঠছে জর্ডানের প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসরায়েলি সেনাদের ১৯৬৭ সালের যুদ্ধের আগের সীমানায় সরিয়ে নেওয়ার ব্যাপারে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব উঠছে। ফিলিস্তিন ও ইউরোপের একাধিক দেশ এ উদ্যোগ নিয়েছে। খবর এএফপি ও আল-জাজিরার।
ফিলিস্তিন সমস্যার দুই রাষ্ট্রভিত্তিক সমাধান অর্জনের লক্ষ্যে আলোচনায় বসার কথাও বলা হয়েছে এতে। বাংলাদেশ সময় গতকাল বুধবার গভীর রাতে প্রস্তাবটি ওঠার কথা।
ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের একজন জ্যেষ্ঠ উপদেষ্টা গত মঙ্গলবার রাতে বলেন, ‘আমরা আমাদের প্রস্তাবটি আগামীকাল (বুধবার) নিরাপত্তা পরিষদে উত্থাপন করব।’
খসড়া প্রস্তাবটিতে আগামী দুই বছরের মধ্যে ইসরায়েলি সেনাদের দখলকৃত সব ফিলিস্তিনি ভূখণ্ড থেকে প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। ইসরায়েলি সেনাদের ফিরে যেতে হবে ১৯৬৭ সালের ছয় দিনব্যাপী আরব-ইসরায়েল যুদ্ধের আগের অবস্থানে। এ ছাড়া দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের কথাও আছে এর মধ্যে।
ফিলিস্তিনের পক্ষে জর্ডান প্রস্তাবটি নিরাপত্তা পরিষদে উত্থাপন করবে। এর কারণ দুটি: ফিলিস্তিন জাতিসংঘের পূর্ণাঙ্গ সদস্য না হওয়ায় তারা কোনো প্রস্তাব তুলতে পারে না। আর নিরাপত্তা পরিষদের কোনো সদস্যরাষ্ট্রেরই কেবল পরিষদে প্রস্তাব তোলার এখতিয়ার রয়েছে। জর্ডান বর্তমানে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য।