নিরাপত্তা পরিষদে ড্রোন হামলা বন্ধের দাবি তুলল পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানে মার্কিন ড্রোন হামলার বিষয়টি গত বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে তুলেছে ইসলামাবাদ। ড্রোন হামলা বন্ধে ‘জরুরি ভিত্তিতে’ আলোচনা করতে পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি।
আফগান পরিস্থিতির ওপর নিরাপত্তা পরিষদের বৈঠকে পাকিস্তানের রাষ্ট্রদূত মাসুদ খান বলেন, ‘ড্রোন হামলা চালিয়ে বেসামরিক মানুষকে হত্যা করা হচ্ছে। এ ধরনের হামলার মধ্য দিয়ে আমাদের দেশের সার্বভৌমত্ব, আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে।’
১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে রাষ্ট্রদূত মাসুদ খান আরও বলেন, আফগানিস্তানে সরকার ও তালেবান জঙ্গিদের মধ্যে চলা শান্তি প্রক্রিয়ায় ইসলামাবাদ ইতিবাচক ভূমিকা রাখছে। তবে এ প্রক্রিয়ার লক্ষ্য পূরণে দুই পক্ষের মধ্যে সমঝোতা জরুরি।
পাকিস্তানি রাষ্ট্রদূত বলেন, দুই পক্ষকে অভিন্ন লক্ষ্যে পৌঁছাতে ক্রমাগত তাড়া দিয়ে যেতে হবে।
এর আগে জাতিসংঘের মহাসচিব বান কি মুন পাকিস্তানে ড্রোন হামলার ভয়াবহ পরিণতি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তা উল্লেখ করে মাসুদ খান বলেন, ‘আমরা সবাই ড্রোন হামলা বন্ধের পক্ষে। জরুরি ও জোরালো আলোচনা এ সমস্যা সমাধানে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।’
বিশেষ করে উপজাতি অধ্যুষিত অঞ্চলে মার্কিন ড্রোন হামলায় বেসামরিক প্রাণহানির কারণে এর কঠোর সমালোচনা করে আসছে পাকিস্তান। কিন্তু তালেবান ও আল-কায়েদা জঙ্গিদের বিরুদ্ধে অভিযানে পাকিস্তানের সীমান্ত অঞ্চলে ড্রোনের ব্যবহার অপরিহার্য দাবি করে ওয়াশিংটন হামলা চালিয়েই যাচ্ছে। ডন।