নিরাপত্তা পরিষদে প্রস্তাব তুলছে যুক্তরাজ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় সামরিক অভিযানের প্রস্তুতি সেরে রেখেছে যুক্তরাষ্ট্র। এই প্রেক্ষাপটে সামরিক অভিযানকে আন্তর্জাতিক বৈধতা দেওয়ার লক্ষ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব তুলছে যুক্তরাজ্য। নিরাপত্তা পরিষদের স্থায়ী দুই সদস্য রাশিয়া ও চীন এতে নিশ্চিতভাবেই ভেটো দেবে বলে মনে করা হচ্ছে। তবে জাতিসংঘের অনুমোদন সম্ভব না হলেও রাসায়নিক অস্ত্র ব্যবহারের জন্য সিরিয়ার বিরুদ্ধে শাস্তিমূলক হামলার ব্যাপারে পাশ্চাত্য মিত্রদের মধ্যে একধরনের মতৈক্য রয়েছে।গতকাল বুধবার নিউইয়র্কে নিরাপত্তা পরিষদের বৈঠক হওয়ার কথা ছিল। এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন জানান, সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাহিনী বিদ্রোহীদের ওপর রাসায়নিক অস্ত্র ব্যবহার করায় এর নিন্দা জানিয়ে নিরাপত্তা পরিষদে তাঁর দেশের পক্ষ থেকে প্রস্তাব তোলা হবে।টুইটার বার্তায় ক্যামেরন বলেন, ‘আমরা সব সময় বলেছি, সিরিয়া বিষয়ে নিরাপত্তা পরিষদ তাদের দায়িত্ব সক্রিয়ভাবে পালন করবে সেটাই আমরা চাই। সেটা করার সুযোগ আজ তাদের সামনে এসেছে।’তবে শান্তি রক্ষায় জাতিসংঘের যে দায়িত্ব তা যথাযথভাবে পালন করার জন্য সিরিয়া বিষয়ে যে সিদ্ধান্তই গ্রহণ করা হোক না কেন, তা যেন সমন্বিতভাবে করা হয় সে আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন।নিরাপত্তা পরিষদে যুক্তরাজ্যের প্রস্তাবের বিষয়ে শিগগিরই ভোটাভুটি হওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই। কেননা, স্থায়ী পাঁচ সদস্যের যেকোনো এক সদস্য ভেটো দিলে যেকোনো প্রস্তাব খারিজ হয়ে যাবে। সিরিয়া বিষয়ে এর আগেও ভেটো ক্ষমতা প্রয়োগ করেছে স্থায়ী সদস্য রাশিয়া ও চীন। মস্কো গতকাল বলেছে, বাশার বাহিনীর বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ খতিয়ে দেখতে জাতিসংঘের পর্যবেক্ষকেরা যখন দেশটিতে তদন্তে আছেন, তখন নিরাপত্তা পরিষদে ওই ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তা হবে অপরিপক্ব।দামেস্কের উপকণ্ঠে ২১ আগস্ট রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জাতিসংঘ ও আরব লিগের সিরিয়াবিষয়ক বিশেষ প্রতিনিধি লাখদার ব্রাহিমি। ২১ আগস্টের ওই হামলায় এক হাজার ৩০০ মানুষ নিহত হয়েছে বলে দাবি করেছে সিরিয়ার বিদ্রোহীরা। এ জন্য তারা দায়ী করেছে সরকারি বাহিনীকে। তবে সরকার ওই অভিযোগ অস্বীকার করে দায় চাপাচ্ছে বিদ্রোহীদের ওপর। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ অধিকাংশ পশ্চিমা শক্তি বলছে, সরকারি বাহিনীই ওই হামলা চালিয়েছে এ ব্যাপারে তারা নিশ্চিত হয়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল গত মঙ্গলবারই বলেছেন, সিরিয়ায় সামরিক অভিযান শুরুর প্রস্তুতি নিয়ে রেখেছে মার্কিন বাহিনী। এখন তারা প্রেসিডেন্ট বারাক ওবামার নির্দেশের অপেক্ষায় আছে।কিন্তু সিরিয়ার অন্যতম মিত্র রাশিয়া ও চীন এ ব্যাপারে আগেই সতর্ক করে রেখেছে বিশ্বকে। এই দেশ দুটির পাশাপাশি প্রতিবেশী ইরানও বলেছে, পাশ্চাত্য সিরিয়ায় সামরিক অভিযান চালালে ওই অঞ্চলে তা বিপর্যয় ডেকে আনবে। এই অবস্থায় রাশিয়া ও চীনের বিরোধিতায় নিরাপত্তা পরিষদে অভিযানের পক্ষে কোনো প্রস্তাব পাস হবে বলে মনে হয় না। সে ক্ষেত্রে সিরিয়ায় অভিযান চালাতে হলে জাতিসংঘকে পাশ কাটিয়েই তা করতে হবে যুক্তরাষ্ট্রকে।তবে যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা গতকাল জানিয়েছেন, ওয়াশিংটন সিরিয়ায় একতরফা অভিযানে যাবে না। এই অবস্থায় বাশার সরকারের বিরুদ্ধে শাস্তিমূলক ‘সংক্ষিপ্ত’ হামলার জন্য যুক্তরাষ্ট্র তার মিত্রদের সঙ্গে যোগাযোগ করছে। এর অংশ হিসেবে তুরস্ক, জর্ডানসহ অন্য মিত্রদের সঙ্গে গতকাল ওবামার সহকারীরা বৈঠক করেন বলে জানান ওই কর্মকর্তা। এএফপি ও বিবিসি।